Bijpur: একই প্রকল্পে একবার সিপিএম, একবার তৃণমূল আমলে শিলান্যাস, আলোর মুখই দেখেনি স্টেডিয়াম
Play Stadium: এলাকার খেলোয়াড়রা এর মধ্যেই তাদের শারীরিক অনুশীলন করে যেতেন। ফুটবল খেলার খেলোয়াড়দের ড্রেসিং রুম অবধি ছিল না। তবে এবার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিল নতুন বিজেপির সরকারের নতুন বিধায়ক সুদীপ্ত দাস।

বীজপুর: বাম আমল থেকে তৃণমূল (TMC) আমল। একই প্রকল্পের পরপর দু’বার শিলান্যাস হয়েছে। কিন্তু তৈরি হয়নি বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়াম। অবশেষে আলো দেখবে সেই স্টেডিয়াম! এবার বিজেপির আমলে বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়ামের কাজ শুরু করলেন বিধায়ক সুদীপ্ত দাস।
বাম আমলে তৎকালীন পরিবহনমন্ত্রী রঞ্জিত কুন্ডু বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এরপর তৃণমূল আমলে আবার সাংসদ মুকুল রায় ও এই জোনপুর স্টেডিয়ামের ফের শিলান্যাস হয়েছিল। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরেই এই স্টেডিয়াম জরাজীর্ণ জঙ্গলে ঢেকে গিয়েছিল।
এলাকার খেলোয়াড়রা এর মধ্যেই তাদের শারীরিক অনুশীলন করে যেতেন। ফুটবল খেলার খেলোয়াড়দের ড্রেসিং রুম অবধি ছিল না। তবে এবার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিল নতুন বিজেপির সরকারের নতুন বিধায়ক সুদীপ্ত দাস। খেলোয়াড়দের ড্রেসিং রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি জানান বাম আমল, তৃণমূল আমল পার হয়েছে, কিন্তু বিজেপির আমলেই হবে এই জোনপুর স্টেডিয়াম।
বিধায়ক জানিয়েছেন, আপাতত খেলোয়াড়দের ড্রেসিং রুম দিয়ে শুরু। এরপর সাংসদ কোটার টাকা এবং রাজ্য সরকারের সহযোগিতায় পুরো স্টেডিয়াম তৈরি হবে। তাঁর আশা, জেলা থেকে খেলোয়াড় তৈরি হয়ে কলকাতা দাপাবে এলাকারই ছেলেরা। এই মাঠ থেকেই খেলোয়াড় সংগ্রাম মুখোপাধ্যায় উঠে এসেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
