Kakali Ghosh Dastidar: ফেসবুকে অভিমান, নিরাপত্তা বৃদ্ধি, এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কাকলি
TMC: সম্প্রতি লোকসভার মুখ্য সচেতন পদ থেকে সরিয়েট দেওয়া হয় কাকলিকে। ভোটের ফল প্রকাশের পর সেই সিদ্ধান্ত নেয় দলের শীর্ষ নেতৃত্ব। এরপর ফেসবুকে অভিমানী পোস্ট করেন কাকলি। তাঁর বাড়ির সামনে যেভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছিল, তা নিয়েও বাড়ে জল্পনা।

কলকাতা: ‘গত ৫-৭ বছরে দলে যে বৈভব তৈরি হয়েছে, তার সঙ্গে আমি অভ্যস্ত নই।’ এবার আর সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি সাংবাদিক বৈঠক করে এ কথা বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোদ্ধা কাকলিকে নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনায় জল্পনা তৈরি হয়। আর এবার পদত্যাগের কথা জানিয়ে দিলেন তিনি।
পদত্যাগের সিদ্ধান্ত কাকলির
লোকসভার মুখ্য সচেতক পদ থেকে তাঁকে আগেই সরানো হয়েছে। তারপরই ফেসবুকে ‘অভিমানী’ পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এরপর কাকলির বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেড়ে যাওয়ায় জল্পনা বাড়ে। এরই মধ্যে রবিবার সাংবাদিক বৈঠক করলেন কাকলি। জানালেন, উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি পদে ইস্তফা দিচ্ছেন তিনি।
কাকলি বলেন, “উত্তর ২৪ পরগনার খারাপ ফলের দায় আমি নিচ্ছি। আমারও কোনও ভুলভ্রান্তি নিশ্চয় আছে। তাই সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছি সুব্রত বক্সীকে।” সেই চিঠি সংবাদমাধ্যমের সামনে দেখান তিনি।
দলের বিরুদ্ধে ক্ষোভ
নব্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কাকলি বলেন, “২০১১-র পর মধু সংগ্রহ করতে এসেছেন, সেই সব ভুঁইফোড় নেতারা ফেসবুকে যা বলছেন, তা সহ্য হচ্ছে না। তাঁরা জানেন না যে কার সম্পর্কে বলছেন। বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা ঘটেছিল, তাতে আমার সহমত ছিল না। বিভিন্ন স্তরে আমার বাদানুবাদ হয়েছে। এই বৈভবে আমি অভ্যস্ত নই। মধ্যবিত্ত জীবনযাপন করি।”
হারের ব্যাখ্যা কাকলির
রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোট লুঠ করেই বিজেপি জিতেছে। তবে সেই তত্ত্ব কার্যত খারিজ করে দিলেন কাকলি। তিনি বলেন, “দুর্বৃত্তায়ন ঘটেছে। অসৎ আচরণ করা হয়েছে। দলের নেতাদের অহমিকা হয়ে গিয়েছিল। এগুলো মানুষ গ্রহণ করে না। গণতন্ত্রে যা খুশি করতে পারেন না, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে।”
কাকলির পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “এটা দলের অভ্যন্তরীণ বিষয় । পদত্যাগ করেছেন বা করেননি, এই বিষয়ে এখন কোনও মন্তব্য নয়। দল যখন বলবে জানাব।”
