
বাদুড়িয়া: ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন। দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এই ঘটনায় শোরগোল পড়েছিল। গ্রেফতার করা হয় এক বিএলও-কে। এবার মৃত যুবক নাসির আলির স্ত্রী বিউটি খাতুনকে নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াল। মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বিউটি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।
গত ৯ ফেব্রুয়ারি নাসির আলিকে SIR সংক্রান্ত নথি দিতে বলার নাম করে ডেকে টুকরো টুকরো করে খুনের অভিযোগ ওঠে BLO রিজওয়ান হাসান মণ্ডলের বিরুদ্ধে। ওই বিএলও-সহ মোট তিনজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মৃত নাসির আলির স্ত্রী বিউটি খাতুনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রিজওয়ান হাসান মণ্ডলের। যে সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নাসির আলি। রিজওয়ান ও নাসিরের মধ্যে গন্ডগোল হয়েছিল বেশ কয়েক মাস আগে।
অভিযোগ, এরপরই নাসিরকে খুনের ছক কষেন রিজওয়ান। AERO পরিচয় দিয়ে এসআইআর-র নথি জমা দেওয়ার কথা বলে নাসিরকে ডেকে নৃশংসভাবে খুন করেন রিজওয়ান ও তাঁর সঙ্গীরা। এই ঘটনার পর গতকাল নাসিরের স্ত্রী একবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পরিবারের তৎপরতায় গতকাল দুর্ঘটনা ঘটেনি। এদিন সন্ধেয় আবার চাষের জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিউটি খাতুন। পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।