AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coal Scam: আদালতে বিচারক নেই, হাজির হয়েও ফিরে গেলেন লালা

পাঁচ বছর ধরে চলা প্রায় দেড় হাজার কোটি টাকার কয়লা পাচার-কাণ্ডের মামলায় ইসিএল আধিকারিক, কয়লা পাচারকারী, বেআইনি কারবারি ও বিভিন্ন কোম্পানির মালিকদের নাম উঠে এসেছে। অনেকেই গ্রেফতার হয়েছেন। পরে জামিনে মুক্ত হয়েছেন।

Coal Scam: আদালতে বিচারক নেই, হাজির হয়েও ফিরে গেলেন লালা
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 6:39 PM
Share

আসানসোল: এসআইআর আবহে শুনানি হল না কয়লা পাচার মামলার। বৃহস্পতিবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে গিয়েও ফিরে যেতে হল অনুপ মাজি ওরফে লালা-কে। এদিন বিচারক উপস্থিত না থাকায় কয়লা পাচার মামলায় চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা ফিরে যান। পরবর্তী শুনানি ২৭ মার্চ।

বৃহস্পতিবার কয়লা পাচার-কাণ্ডের কিংপিন লালা আসানসোল বিশেষ সিবিআই আদালতে গিয়ে হাজিরা দিয়ে চলে যান। আদালতের আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম নির্দেশে এসআইআরে বিচারকদের নিয়োগ করায় এই মুহূর্তে বড় অপরাধের মামলাও রয়েছে থমকে। কারণ বিচারকরা এসআইআরের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আদালতে যেতে পারছেন না। সেই কারণে আসানসোল আদালতের বার অ্যাসোসিয়েশন জেলা জজকে একটি চিঠিও দেয়।

ওই চিঠিতে জেলা জজকে অনুরোধ করা হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত যেন নো অ্যাডভার্স অর্ডার না দেওয়া হয়, অর্থাৎ কোনও প্রতিকূল নির্দেশ না দেওয়া হয়। জেলা জজ আবেদন গ্রহণ করেন বলে সূত্রের খবর। শুধুমাত্র ভরণ পোষণ মামলা এবং জামিনের বিষয়ে নির্দেশ দেওয়া যেতে পারে।

পাঁচ বছর ধরে চলা প্রায় দেড় হাজার কোটি টাকার কয়লা পাচার-কাণ্ডের মামলায় ইসিএল আধিকারিক, কয়লা পাচারকারী, বেআইনি কারবারি ও বিভিন্ন কোম্পানির মালিকদের নাম উঠে এসেছে। অনেকেই গ্রেফতার হয়েছেন। পরে জামিনে মুক্ত হয়েছেন। কিন্তু সিবিআই-এর দেওয়া চারটি চার্জশিটে কোথাও রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালীদের নাম পাওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে, এ ক্ষেত্রে কী হবে? তদন্ত কি চলতেই থাকবে? সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে স্পষ্টভাবে বিচারক জিজ্ঞাসা করেছিলেন। উমেশ কুমার জানিয়েছিলেন ৩ মাসের মধ্যে চার্জশিটে প্রভাবশালীদের নাম থাকবে। নভেম্বর মাসে এই প্রশ্ন তুলেছিলেন বিচারক। কিন্তু তিনমাস পেরিয়ে গেলেও আর চার্জশিট জমা পড়েনি। স্বাভাবিক ভাবে এদিন নজর ছিল সিবিআই আদালতে। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় অগ্রগতি হলো না এই মামলার।