TMC Candidate: ‘ছেলেকে বলে দিও…’, মঞ্চ থেকে প্রার্থীকে কড়া বার্তা দিয়ে গেলেন মমতা

Jamuria: এদিন এই বিষয়ে প্রশ্ন করা হলে ​মেজাজ হারালেন হরেরাম। ​নেত্রীর কড়া বার্তার পর, সংবাদমাধ্যম হরেরাম সিংকে তাঁর ছেলের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি রীতিমতো মেজাজ হারান। ছেলের আচরণের ফলে দলের কোনও ক্ষতি হচ্ছে না বলেই দাবি করেন এই তৃণমূল প্রার্থী।

TMC Candidate: ছেলেকে বলে দিও..., মঞ্চ থেকে প্রার্থীকে কড়া বার্তা দিয়ে গেলেন মমতা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 28, 2026 | 6:47 PM

আসানসোল: কখনও ছেলে লালবাতি গাড়িতে চড়েন, তো কখনও নাতির হাতে দেখা যায় বিদেশি অস্ত্র। বরাবরই বিতর্কে থাকা নেতা হরেরাম সিং এবারও টিকিট পেয়েছেন। বিদায়ী বিধায়কের হাত ধরে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছেলে যেন লালবাতি গাড়িতে না চড়ে, সেই বার্তা দিয়ে গেলেন মঞ্চ থেকে।

জামুড়িয়ার বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী হরেরাম সিং-এর হাত ধরে জনতাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রকাশ্যেই তাঁর ছেলের আচরণ নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হরেরামের উদ্দেশে তাঁর সরাসরি নির্দেশ, “তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে”।

​বিতর্কের কেন্দ্রে বিধায়ক-পুত্র প্রেমপাল। ​জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। গাড়িতে নিয়ম বহির্ভূতভাবে লালবাতি লাগানো এবং হুটার বাজিয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে আগেই। ​বিশাল নিরাপত্তার কনভয় নিয়ে এলাকায় প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।

​বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য ও ‘বাহুবলি’ সুলভ সংলাপ দেয় বিধায়ক পুত্র। শুক্রবার রাতেও ভাইরাল হয় প্রেমপালের ভিডিয়ো। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘মন্ত্রী আমরা বানাই’।

​মুখ্যমন্ত্রীর এই ধমকের ঠিক আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রেমপালের এক নতুন ভিডিয়ো। তাঁকে বলতে শোনা যায়, ‘মন্ত্রী তো আমরা বানাই, তাই আমার মন্ত্রী হওয়ার কোনও প্রয়োজন নেই’।

​শুধু প্রেমপাল নন, বিধায়ক হরেরাম সিং-এর ১১ বছরের নাতির ছবিও এর আগে বিদেশি আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হয়েছিল, যা দলকে চরম বিড়ম্বনায় ফেলে। জামুড়িয়ার এই পরিবারের “বিহার-ইউপি বাহুবলি কালচার” নিয়ে বারবার সরব হয়েছে ‘বাংলা পক্ষ’। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর সোশ্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করেছে সংগঠনটি।

এদিন এই বিষয়ে প্রশ্ন করা হলে ​মেজাজ হারালেন হরেরাম। ​নেত্রীর কড়া বার্তার পর, সংবাদমাধ্যম হরেরাম সিংকে তাঁর ছেলের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি রীতিমতো মেজাজ হারান। ছেলের আচরণের ফলে দলের কোনও ক্ষতি হচ্ছে না বলেই দাবি করেন এই তৃণমূল প্রার্থী।

​মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেছেন যে, দলের নাম ভাঙিয়ে কোনও প্রকার ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। এদিনও সেটাই আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Follow Us