
মেদিনীপুর: জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিন ধরে বাকি রয়েছে টাকা। টাকার অঙ্ক নেহাত কম নয়। কয়েক’শ কোটি টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। সেই টাকার দাবিতেই এবার আন্দোলনে বসলেন ঠিকাদাররা। আজ মঙ্গলবার এবং আগামিকাল অর্থাৎ বুধবার- দু’দিন ধরেই এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নেতৃত্ব।
অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এদিনের এই আন্দোলন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য কারিগরি দফতরে এই সমস্ত ঠিকাদাররা কাজ করছেন। গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তাদের টাকা বাকি রয়েছে বলেই অভিযোগ অ্যাসোসিয়েশনের সদস্যদের।
ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আবেদন ও আন্দোলন করেও কোনও কাজ না হওয়ায় এবার জেলা পূর্ত দফতরের সামনেই আন্দোলনে বসলেন তাঁরা। তাঁদের দাবি, জেলাতেই প্রায় ৪০০ কোটি টাকার বেশি বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও পাচ্ছেন না। বাধ্য হয়ে আন্দোলন করছেন প্রয়োজনে রাস্তায় নামবেন।
মেদিনীপুর পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য দীপক কুমার বাকলি বলেন, “আমাদের দিয়ে অনেক কাজ করানো হচ্ছে। আমরা গত দেড় বছর ধরে কোনও টাকা পাচ্ছি না। মেদিনীপুর ডিভিশনে যা বিল চাওয়া হয়েছে, তার পরিমাণ প্রায় ৪০০ কোটি। আমাদের আবেদনে কোনও কর্ণপাত করছে না।” ৪০০ কোটি টাকার বিলই তৈরি হয়নি বলে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, গত মাসে কিছু টাকা দেওয়া হয়েছিল, তা যথেষ্ট নয়।