Narayangarh: রমরমিয়ে চলছিল মধুচক্র, আটক ৫ মহিলা
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগড় থানা ও খড়গপুর মহিলা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দেহ ব্যবসার অভিযোগে ৫ জন মহিলাকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আপত্তিকর সামগ্রী এবং বিপুল পরিমাণ বেআইনি বিদেশি মদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেউলিয়াচকের ওই বিলাসবহুল হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে অবৈধ কারবার চলত।

নারায়ণগড়: বেসরকারি হোটেলে যৌথ অভিযান। বড়সড়ো মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। আটক করা হল দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকা ৫ জন মহিলাকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত দেউলিয়াচক এলাকার একটি বেসরকারি হোটেলে। সেখানেই মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগড় থানা ও খড়গপুর মহিলা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দেহ ব্যবসার অভিযোগে ৫ জন মহিলাকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আপত্তিকর সামগ্রী এবং বিপুল পরিমাণ বেআইনি বিদেশি মদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেউলিয়াচকের ওই বিলাসবহুল হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে অবৈধ কারবার চলত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রঞ্জিত বোসের প্রত্যক্ষ মদতেই এই মধুচক্র ফুলেফেঁপে উঠেছিল। রাজনৈতিক ছত্রছায়া থাকায় বাইরে থেকে প্রতিনিয়ত যুবতীদের এনে এখানে দেহ ব্যবসা চালানো হত বলে দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে চলে আসা এই কাজে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগড় ও খড়গপুর মহিলা থানার পুলিশ যৌথভাবে হোটেলে হানা দেয়। তল্লাশি চালিয়ে হোটেলের বিভিন্ন ঘর থেকে আপত্তিকর জিনিসপত্র ও মদের বোতল উদ্ধার হয়। আটক মহিলাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি হোটেলের একাধিক কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আপাতত হোটেলটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে এবং এর বিস্তার কতদূর, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।
