Kansai River Drowning Incident: চোখের সামনে তলিয়ে যাচ্ছিল একে একে তিন, জলে ডুবে মৃত্যু হল ৩ নাবালকের
Three Minors Drown in Kharagpur: দুপুরের দিকে ৬ জনই একসঙ্গে নদীতে স্নান করতে নামে। কিন্তু আচমকাই জোরালো স্রোতের টানে গভীর জলে তলিয়ে যায় ৩ জন। বাকি তিন বন্ধু কোনওক্রমে প্রাণে বাঁচলেও, চোখের সামনে বন্ধুদের তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে।

খড়গপুর: সোমবার দুপুরে মেদিনীপুরের কাঁসাই নদীর এ্যানিকেট বাঁধে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু তিন নাবালকের। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন নাবালকের নাম নিখিল চারি (১৬), জেনিথ চেরি (১৭) এবং ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তাদের বাড়ি সকলেই খড়গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুটি বাইকে মোট ৬ জন বন্ধু মিলে কাঁসাই নদীর এ্যানিকেট বাঁধে স্নান করতে এসেছিল। দুপুরের দিকে ৬ জনই একসঙ্গে নদীতে স্নান করতে নামে। কিন্তু আচমকাই জোরাল স্রোতের টানে গভীর জলে তলিয়ে যায় ৩ জন। বাকি তিন বন্ধু কোনওক্রমে প্রাণে বাঁচলেও, চোখের সামনে বন্ধুদের তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে যান এবং নদীতে উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নদী থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জন বর্তমানে সুস্থ রয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং শোকার্ত পরিবারের সদস্যরা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে এই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
