AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa Durga Pujo: পুজোর দিনগুলো বাড়ির মেয়েরা আসতেন না সামনে! ‘সাহা বাড়ির’ পুজোর আলাদাই ঐতিহ্য

Katwa Durga Pujo: সাহা পরিবারের পূর্বপুরুষ ব্যবসায়ী কালীদাস সাহা তাঁর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধির পর এই পুজোর সূচনা করেন। চুন-সুরকির মজবুত গাঁথনিতে তৈরি সুবিশাল পুজোবাড়িটি আজও আগের মতোই অটুট ও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। পুরানো রীতি মেনে আজও প্রাচীন প্রথা অনুযায়ী প্রতিটি আচার পালিত হয়।

Katwa Durga Pujo: পুজোর দিনগুলো বাড়ির মেয়েরা আসতেন না সামনে! 'সাহা বাড়ির' পুজোর আলাদাই ঐতিহ্য
কাটোয়ায় দুর্গাপুজোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 12:19 PM
Share

কাটোয়া: প্রাচীন ঐতিহ্য ও পারিবারিক আভিজাত্য বজায় রেখে প্রতিবারের মতো এবারও উদযাপিত হতে চলেছে কাটোয়া শহরের বিখ্যাত ‘সাহা বাড়ির’ দুর্গাপুজো। কাটোয়াবাসীর কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় এই পারিবারিক পুজোটি এ বছর পা দিল ১৬০ তম বর্ষে। শারদোৎসবের ক’দিন বিশাল এই বনেদি বাড়ির পুজো দেখতে ও ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখতে উপচে পড়ে হাজার হাজার মানুষের ভিড়।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, সাহা পরিবারের পূর্বপুরুষ ব্যবসায়ী কালীদাস সাহা তাঁর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধির পর এই পুজোর সূচনা করেন। চুন-সুরকির মজবুত গাঁথনিতে তৈরি সুবিশাল পুজোবাড়িটি আজও আগের মতোই অটুট ও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। পুরানো রীতি মেনে আজও প্রাচীন প্রথা অনুযায়ী প্রতিটি আচার পালিত হয়।

পুজোবাড়িটির স্থাপত্যে রয়েছে বিশেষ বৈচিত্র্য। প্রাচীনকালে বাড়ির মহিলারা জনসমক্ষে আসতেন না, তাঁদের পুজো দেখার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ ঝুলবারান্দা, যার অসংখ্য জানলা দিয়ে মহিলারা প্রণাম জানাতেন ও পুজোর আনন্দ উপভোগ করতেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বসার ও বিশ্রামের জন্য তৈরি হয় উন্মুক্ত এক বারান্দা।

বর্তমানকালেও পুজোর ক’দিন পুরো প্রাসাদোপম বাড়িটি সেজে ওঠে বেলজিয়ামের কাঁচের ঝাড়বাতির আলোয়। দেবীর সমস্ত অস্ত্র ও পূজাসামগ্রী তৈরি খাঁটি রূপো দিয়ে। সাহা পরিবারের এই সুপ্রাচীন বনেদী আভিজাত্য এবং অনন্য ঐতিহ্য কাটোয়ার দুর্গাপুজোর মূল আকর্ষণ হয়ে উঠেছে।

Follow Us