
বর্ধমান: আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। এই নিয়ে আলু চাষীদের দুশ্চিন্তার শেষ নেই। কৃষকদের বক্তব্য আলুর দাম বস্তা (৫০ কেজি) প্রতি ২০০ থেকে ২২০ টাকার উপরে উঠছে না। রাজ্যজুড়ে আলু চাষিদের মধ্যে আলুর দাম নিয়ে হাহাকার পড়েছে। এই আবহের মধ্যেই এবার এল মর্মান্তিক খবর। বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল আলু চাষীর দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়াল গলসীর রামনগরে।
মৃত কৃষকের নাম বুলবুল মণ্ডল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় গলসী থানার পুলিশ। পরিবার-পরিজনদের অভিযোগ, ঋণ নিয়ে চাষ করেছিলেন বুলবুল। তবে, আলুর দাম না পাওয়ায় প্রভূত ক্ষতির আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
অভিযোগ, বুলবুল মন্ডল নিজের এক বিঘা ও ভাগে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলো।চাষের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণও নিয়েছিল সে। কিন্তু এবছর আলুর দাম না থাকায় সেই টাকা শোধ হবে কী করে এই ভাবনা তাঁকে গ্রাস করছিল।তাছাড়াও কয়েকদিন পরই তাঁর বোনের বিয়ে ছিল। টাকার জোগাড় হবে কীভাবে এই দুশ্চিন্তা থেকেই সে আত্মঘাতী হন বুলবুল।
যদিও, পরিবার-পরিজনদের সেই দাবি উড়িয়ে দিয়ে গলসী ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল জানান, “প্রতিটি মৃত্যুই দুঃখের। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা সঠিকভাবে বলতে না পারলেও বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারছি না।”
এ দিকে, আলু চাষিদের অবস্থা দেখে অবশেষে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ৯৫০ টাকা করা হয়েছে। আমাদের সমবায় দফতরের হিমঘর-সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত আছে।”