
পূর্ব মেদিনীপুর: এক সাধুর ওপর হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ব্লকের অন্তর্গত গুড়গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে সাধুসন্ত সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান চলছিল । কর্মসূচি শেষে এই সূর্যানন্দ মহারাজের উপর চড়াও হয় মারধর করা হয় বলে অভিযোগ।
আক্রমণের পেছনে তৃণমূল আশ্রীয় দুষ্কৃতীরাই রয়েছে বলে অভিযোগ বিজেপির। আহত অবস্থায় সাধুকে উদ্ধার করে চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।ঘটনা জানাজানি হতেই রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গেরুয়া কর্মীরা।
বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা-সহ বিজেপি নেতৃত্বে সমগ্র ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারী অভিযুক্ত যদি গ্রেফতার না হয় তা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, “এখানে স্বামী সূর্যানন্দ মহারাজের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে। আমরা নির্দিষ্ট করে বেশ কয়েকজনের নাম বলেছি। এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। সকালের মধ্যে গ্রেফতার না হলে থানার সামনে বিক্ষোভে বসব। এর প্রভাব রাজ্যে দেখা যাবে।”
আহত সূর্যানন্দ স্বামী বলেন, “আমি চিকিৎসার বিষয় নিয়ে কিছু কথা বলছিলাম। হঠাৎ করেই চার জনে চলে আসে। আমার কাপড় ধরে টানতে থাকে। বলছে, এখানে জয় শ্রী রাম কেন বললি রে? আমি বললাম, শ্রী রাম আমাদের মহাপুরুষ। শ্রী রামের জয়ধ্বনি আমরা সব জায়গায় দিই। তারপরও আমাকে গালি দিতে থাকে। জোর করে কাপড় ধরে টানে।”
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা দুই জা সাধুবাবার সঙ্গে কথা বলছিলাম। ওরা তিন জন আসছে। ওখানে বলেন সাধুগিরি করো! টানাটানি শুরু করে। সাধুবাবাকে ধরে টানাটানি শুরু করে।”
ভগবানপুরে ঘটনা নিয়ে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন দে বলেন, “অনুষ্ঠানের পর সাধুর ওপর জগন্নাথ মাইতি-সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে। আমরা তদন্ত শুরু করি। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।”