
কাঁথি: নাতনিকে সঙ্গে নিয়ে এসে ভোট দিলেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। বাড়ির পাশে কাঁথি প্রভাত কুমার বুথে এদিন ভোট দেন তিনি। আর ভোট দিয়েই জানিয়ে দিলেন, বিজেপি এবার পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই জিতবে। একইসঙ্গে এদিনই কলকাতার ভবানীপুরের উদ্দেশে রওনা দেবেন বলেও ভোট দিয়ে জানালেন। কী বললেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী?
রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের ব্যবস্থায় আস্থা প্রকাশ করলেন শিশির অধিকারী। এদিন নাতনি তিয়ান অধিকারীকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তিনি। বয়সের ভারে হাঁটার গতি কিছুটা স্লথ হয়েছে বছর চুরাশির প্রাক্তন সাংসদের। ভোট দিয়ে বেরিয়েই কমিশনের প্রশংসা করে বললেন, “এখানে একটু মারামারি হয়েছে। তাছাড়া নির্বাচন কমিশন যা বলেছিল, তা করার আপ্রাণ চেষ্টা করছে।”
নন্দীগ্রাম নিয়ে কী বললেন শিশির?
শিশির অধিকারীর মেজো পুত্র শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। সেখানের ভোট নিয়ে শিশির বলেন, “নন্দীগ্রামে দারুণ ভোট হচ্ছে। ভীষণ ভালো ভোট হচ্ছে।” নন্দীগ্রামে কয়েকটি জায়গায় গন্ডগোল হচ্ছে জেনে তিনি বলেন, “সে তো হবেই। ওখানে হবেই। অনেক বেশি হত। এবার অনেক কম হয়েছে।”
ভবানীপুরে প্রচারে দেখা যাবে শিশিরকে?
নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। শিশির আগেই জানিয়েছিলেন, ভবানীপুরে প্রচারে যাবেন তিনি। এদিন বলেন, “আজই ভবানীপুরে চলে যাব।” ভোটের প্রচারের শেষ দিন পর্যন্ত ভবানীপুরে থাকবেন বলে জানিয়ে দিলেন। এরপরই তিনি বলেন, “আমি ছেলেবেলায় ওখানে প্রায় ১২-১৩ বছর কাটিয়েছি। নিয়মিত যেতাম-আসতাম। সেখানে আমার বহু পরিচিত ব্যক্তি রয়েছেন।”
পূর্ব মেদিনীপুরে ১৬টি আসনেই এদিন ভোটগ্রহণ চলছে। জেলায় ভোটের ফল নিয়ে শিশির বলেন, “জেলায় ১৬টি আসনই বিজেপি পাবে।” প্রথম দফায় রাজ্যে ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোটের ফলাফল নিয়ে শিশির বলেন, “প্রথম দফায় ৮০ থেকে ১০০-র মধ্যে থাকা উচিত BJP-র।”
ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন