Subal Manna: দলীয় কাউন্সিলরদের অনাস্থা ঠেকাতে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সুবল, কী রয়েছে পুরপ্রধানের ভাগ্যে
Contai: এবার কাউন্সিলরদের অনাস্থা ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাঁথির পুরপ্রধান সুবল মান্না। শুক্রবার আইনজীবী মারফত হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুবল মান্না। আদালতে ইতিমধ্যেই মামলা দাখিল করেছেন তাঁর আইনজীবী। আগামী সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

কাঁথি: কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে অনাস্থা ঘিরে তুমুল জলঘোলা চলছে। আর এসবের মধ্যেই আরও নতুন চমক। এবার কাউন্সিলরদের অনাস্থা ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাঁথির পুরপ্রধান সুবল মান্না। শুক্রবার আইনজীবী মারফত হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুবল মান্না। আদালতে ইতিমধ্যেই মামলা দাখিল করেছেন তাঁর আইনজীবী। আগামী সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কাঁথি পুরসভার কাউন্সিলররা গত ২ জানুয়ারি সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আবেদন এনেছিলেন। এরপর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে বিশেষ বৈঠক ডাকতে হয়। কিন্তু তা করেননি সুবল মান্না। এরপর স্বাভাবিক নিয়মেই সেটি চলে যায় পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে। তাঁর হাতে বিশেষ সভা ডাকার জন্য থাকে সাত দিনের সময়। জানা যাচ্ছে, ওই সাত দিনের হিসেবে আগামী ২২ জানুয়ারি অর্থাৎ শুনানির দিনই কাঁথি পুরসভায় অনাস্থা ইস্যুতে বিশেষ সভা হওয়ার কথা।
কাঁথির পুরপ্রধান সুবল মান্নার এই নতুন পদক্ষেপ ঘিরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে কাঁথির রাজনীতির অন্দরমহলে। জানা যাচ্ছে, আইনজীবী মারফত সুবল দাবি করেছেন, তাঁকে অবৈধভাবে পুরপ্রধানের পদ থেকে সরানোর চেষ্টা করছেন দলেরই কাউন্সিলররা। বিষয়টি নিয়ে পুরপ্রধানের প্রতিক্রিয়ার জন্য ইতিমধ্যেই একাধিকবার সুবল মান্নার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন টিভি নাইন বাংলার প্রতিনিধি। তবে তিনি ফোন রিসিভ করেননি।
তবে কাঁথি পুরসভা ঘিরে সাম্প্রতিক যে ঘটনাগুলি পর পর ঘটে চলেছে, তার মধ্যেই সুবলের এই হাইকোর্টের দ্বারস্থ হওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
