Abhishek Banerjee: ‘তৃণমূলই ন্যায়, ইনসাফ করেছে’, ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা চালু করে বিরোধীদের খোঁচা অভিষেকের
Abhishek Banerjee: এদিন ডায়মন্ড হারবারের অসহায়, বয়স্ক মানুষদের হাতে বার্ধক্য ভাতা তুলে দেওয়ার মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ২৪-এর ভোট দামামা বাজিয়ে দিলেন। সিপিআইএমের ইনসাফ যাত্রা, কংগ্রেসের ন্যায় যাত্রা, বিজেপির সবকা সাথ-সবকা বিকাশ -কে খোঁচা দিয়ে অভিষেক বলেন, "কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ করবে। এগুলি আজ আমরা করলাম।"

পৈলান: মাস দুয়েক আগে ডায়মন্ড হারবারের অসহায় বয়স্ক মানুষদের জন্য দলের তরফে বার্ধক্য ভাতা চালু করার কথা ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর ১ জানুয়ারি থেকে এই ভাতা চালু করার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। এক সপ্তাহ দেরি হলেও রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭৬,১২০ জনের হাতে বার্ধক্য ভাতা তুলে দেওয়ার কাজের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই সিপিআইএমের ‘ইনসাফ যাত্রা’, কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’, বিজেপির ‘সবকা সাথ-সবকা বিকাশ’ কর্মসূচি নিয়ে খোঁচা দিলেন তৃণমূল সেনাপতি।
এদিন ডায়মন্ড হারবারের অসহায়, বয়স্ক মানুষদের হাতে বার্ধক্য ভাতা তুলে দেওয়ার মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ২৪-এর ভোট দামামা বাজিয়ে দিলেন। সিপিআইএমের ইনসাফ যাত্রা, কংগ্রেসের ন্যায় যাত্রা, বিজেপির সবকা সাথ-সবকা বিকাশ -কে খোঁচা দিয়ে অভিষেক বলেন, “কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ করবে। এগুলি আজ আমরা করলাম। ডায়মন্ড হারবারের ৫০ হাজার মানুষের হাতে চেক তুলে দিয়ে এই কাজ শুরু করলাম। ওরা বলেছে আমরা করেছি।” এরপরই ডায়মন্ড হারবারের বাসিন্দাদের কাছে পরোক্ষে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কেবল কানে শুনে নয়, চোখে দেখে সিদ্ধান্ত নিন। তৃণমূল ন্যায়, ইনসাফ করেছে। আজ সবকা সাথ সবকা বিকাশ হল।” একইসঙ্গে তাঁর দাবি, “ডায়মন্ড হারবার গোটা দেশকে পথ দেখিয়েছে।” এপ্রসঙ্গে সারা বাংলায় ডায়মন্ড হারবারের ১ নম্বর পুলিশ জেলার শিরোপা পাওয়া, স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষায় উন্নতির কথা তুলে ধরে অভিষেক।
এদিন তৃণমূলের তরফে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সভা করে ৫০ হাজার জনকে চেক দেওয়া হয়। বাকিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চেক দেওয়া হবে বলে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কারও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে সরাসরি তাঁকে বা তাঁর অফিসে জানাতেও বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
