Baruipur: অ্য়াসিড হামলা করেও রেহাই নেই, ভাইকে দা-শাবল দিয়ে কোপাল দাদার দলবল! ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
Baruipur Tension: অভিযোগ, টোটোনের মেজো দাদা মমতাজ খান ও তাঁর পরিবার সদস্য়রা একজোট হয়ে প্রথমে টোটোনের চোখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। তারপর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপানো হয়। খবর, মমতাজ খান ও টোটন খানের মধ্যে অনেকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদ ছিল।

বারুইপুর: জমি বিবাদের জেরে ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে। ভাইয়ের উপর অ্যাসিড নিয়ে হামলা, তারপর দাদা দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন টোটোন খান নামে অভিযোগ। শনিবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ণ ক্লাবে পাশের এলাকায়।
অভিযোগ, টোটোনের মেজো দাদা মমতাজ খান ও তাঁর পরিবার সদস্য়রা একজোট হয়ে প্রথমে টোটোনের চোখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। তারপর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপানো হয়। খবর, মমতাজ খান ও টোটন খানের মধ্যে অনেকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদ ছিল। কয়েকদিন আগে টোটনের পরিবারের বেশ কিছু সদস্যকে মারধর করে মমতাজ খানের পরিবার। সেই অভিযোগও উঠেছে। মমতাজের পরিবারের বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছিল। এরইমাঝে এবার ইদের দিন এ ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ঝামেলাটা শুরু হয় ইদের সকাল থেকেই। কিন্তু রাতে তা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করে। অভিযোগ, মমতাজ খানের স্ত্রী বেবী খান, জামাই ভিকি ঘোষ, প্রতিবেশী ইয়ারলি খান-সহ ছয় জনের একটি দল হঠাৎ টোটন খানের ওপর দা, শাবল, লোহার রড নিয়ে চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছেই তাঁকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজনই তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার পরই মার খাওয়ার ভয়ে লুকিয়ে পড়ে মমতাজ খানের দলবদল। কিন্তু গ্রাম থেকে তাঁরা বের হতে পারেনি। ঘিরে ফেলে গ্রামের বাসিন্দারাই। রাতে রাতে বারইপুর থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করার চেষ্টা করলে সেই সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। উত্তেজিত জনতা তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অবস্থা এমন দাঁড়ায় যে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। তারপরই অভিযুক্তদের থানায় নিয়ে আসা সম্ভব হয়। আক্রান্ত টোটন খানের পরিবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় এক নাবালক-সহ ছয় জনকে আটক করেছে।
