Debanshu Bhattacharya : পেশা কন্টেন্ট ক্রিয়েটর, নেই বাড়ি-জমি,তৃণমূলের তরুণ মুখ দেবাংশু কত সম্পত্তির মালিক?
WB Assembly Election 2026: দেবাংশু ভট্টাচার্যের হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ রয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। তাঁর কাছে ৪.৮৮ গ্রামের সোনা রয়েছে। যার বাজারমূল্য ৭৩ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকার। বছর ৩০-এর দেবাংশু ভট্টাচার্য ঠিক কত সম্পত্তির মালিক? ক’টা গাড়ি-বাড়ি রয়েছে? জেনে নেওয়া যাক

কলকাতা : কোনও পদ নয়। ছিলেন শুধুই সমর্থক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সমাজমাধ্যমে নানান লেখালেখি করতেন। ‘খেলা ঘুরল’ একটা গানেই। ‘বন্ধু এবার খেলা হবে…’। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সমর্থনে তাঁর লেখা এই গানটাই রাজ্য-রাজ্যনীতিতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। কথা হচ্ছে দেবাংশ ভট্টাচার্যকে নিয়ে। দলের নেতৃত্বে নজরে আসার পরই তৃণমূলের আইটি সেলের দায়িত্ব পান। সামলেছেন দলের মুখপাত্রের দায়িত্বও। তৃণমূলের তরুণ তুর্কিকে ২০২৪ সালের লোকসভা ভোটে তমলুক থেকে প্রার্থীও করা হয়। যদিও সেইবার জয়ের মুখ দেখেননি। ২০২৬ সালের বিধানসভা ভোটে তাঁকে আবারও টিকিট দিয়েছে তৃণমূল। লড়ছেন চূঁচূড়া থেকে। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন। বছর ৩০-এর দেবাংশু ভট্টাচার্য ঠিক কত সম্পত্তির মালিক? ক’টা গাড়ি-বাড়ি রয়েছে? কী রয়েছে হলফনামায়? জেনে নেওয়া যাক
আয়
হলফনামায় নিজের গত পাঁচ অর্থবর্ষে আয়ের হিসেব দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। হলফনামার তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। পরের অর্থবর্ষে আয় কিছুটা কমেছে। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় কিছুটা বেড়ে হয় ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় একলাফে বেড়ে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৮৮ হাজার ২৮০ টাকা। তবে, পরের অর্থবর্ষ ২০২৪-২৫-এ তাঁর আয় সামান্য কমেছে। এই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লাখ ৪৭হাজার ৩০০ টাকা।
অস্থাবর সম্পত্তি
দেবাংশু ভট্টাচার্যের হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ রয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৪ হাজার ৩১০ টাকা। আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫৩১ টাকা। বাকি দু’টি অ্যাক্য়াউন্টে রয়েছে যথাক্রমে ৮০০ টাকা ও ১০ হাজার টাকা। একটি ফার্মে ৫০ হাজার টাকার বিনিয়োগ করেছেন। ওই ফার্মে পার্টনারশিপ রয়েছে তাঁর। পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। একটি ফ্ল্যাটের জন্য ৭ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন। তাঁর কাছে ৪.৮৮ গ্রামের সোনা রয়েছে। যার বাজারমূল্য ৭৩ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকার।
স্থাবর সম্পত্তি
দেবাংশু জানিয়েছেন, তাঁর কোনও কৃষি বা অকৃষি জমি নেই। কোনও বাড়ি-গাড়ি নেই। অর্থাৎ তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই।
দেবাংশুর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। ত্রিপুরায় তেলিয়ামুড়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর রয়েছে। হলফনামা অনুযায়ী, দেবাংশুর শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়রে ডিপ্লোমা। পেশা হিসেবে উল্লেখ করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মী। ফ্রি-ল্যান্সিং ও কনসালটেন্সি।
