Chopra: লাঠি দিয়ে মারের পর মার, সঙ্গে ঘাড়ধাক্কা, স্বামীকে আগলানোর চেষ্টা স্ত্রীর, বেকার ভাতার আবেদনে গিয়ে আটক যুবক
Yuva Sathi: এবার এই খবর ছড়িয়ে পড়তেই লাইনে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সেই সময় এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে যান। তখনই এ কথা ও কথা থেকে শুরু হয় বচসা। তারপরই পুলিশের তরফে ওই যুবককে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট
চোপড়া: স্বামীকে আঁকড়ে রেখেছেন স্ত্রী। কিন্তু পারছেন না। কারণ তাঁর স্বামীকে ঘিরে রেখেছে পুলিশ। কেউ মাথায় মারছে, কেউ পায়ে, কেউ গায়ে। মারের পর মার চলছে। বেকার ভাতা নিতে গিয়ে কার্যত জুটল লাঠ! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই যুবককে আটক করেছে পুলিশ। কিন্তু কেন এমন হল?
রবিবার সকাল থেকেই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য বিশাল লাইন পড়েছিল। বিডিও অফিসের সামনে তৈরি করা হয়েছিল ক্যাম্প। লাইন নিয়ন্ত্রণে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। দীর্ঘ সময় লাইন এগোচ্ছিল না বলে খবর। তখনই মুখে মুখে প্রচার হয় ভিতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই হয়ে যাচ্ছে।
এবার এই খবর ছড়িয়ে পড়তেই লাইনে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সেই সময় এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে যান। তখনই এ কথা ও কথা থেকে শুরু হয় বচসা। তারপরই পুলিশের তরফে ওই যুবককে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভিডিয়োতে দেখা যায় ওই যুবককে বেধড়ক মার মারছেন পুলিশ আধিকারিকরা। এখনও অবধি যুবকের নাম জানা যায়নি। চোপড়া থানার আইসি সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আবেদন জানান। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আগত এক ব্যক্তি বলেন, “পাবলিকের সঙ্গে পুলিশের ঝামেলা হচ্ছে। রাস্তাঘাট আটকে ছিল সেই নিয়ে বোধহয় গণ্ডোগোল হচ্ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি।”
