WB Assembly Election 2026 : ভোটের আবহে বড়সড় অশান্তির চেষ্টা? পরপর বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
Bomb recovered : ধুলিয়ান পৌরসভার হিজলতলা মাঠপাড়া এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কিছু মানুষ একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে।

মালদহ ও মুর্শিদাবাদ : ভোটের আগে ফের বোমা উদ্ধার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার মালদহ থেকে সকেট বোমা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
মালদহে সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ সামির। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল সে। বিশেষ সূত্রে খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তারপরই ওই দুষ্কৃতীকে পাকড়াও করে। তল্লাশির পর উদ্ধার করা হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,ধৃত ওই সকেট বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও বোমা সাপ্লাই করার পরিকল্পনা ছিল বলে খবর। মালদহে ভোটের আবহে বড়সড় কোনও অশান্তি তৈরির চক্রান্ত করার পরিকল্পনা ছিল বলে খবর। এই চক্রান্তে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, ধুলিয়ান পৌরসভার হিজলতলা মাঠপাড়া এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কিছু মানুষ একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগের ভিতরে একাধিক তাজা বোমা মজুত ছিল। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পরে বোমাগুলিকে নিস্ক্রিয় করা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সামশেরগঞ্জে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের কড়া নজরদারিতে এলাকায় লাগাতার অভিযান চালানো হচ্ছে।
