Bangla NewsWest bengal West Bengal NEWS live updates: Jan Kalyan Shibir Ends Today, CM Suvendu Adhikari Joins Baghbazar Ghat Cleanliness Drive
West Bengal NEWS: রাজ্য পুলিশের জন্য বড় উদ্যোগ, রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর, আধুনিক প্রশিক্ষণের জন্য চুক্তি
West Bengal NEWS live updates: তৃণমূলের অন্দরে ডামাডোল কমছে না। আবার ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এদিকে, তোলাবাজি, জমি দখল-সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
কলকাতা: রাজ্যজুড়ে গত ১৫ জুন থেকে জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আজ (বুধবার) জনকল্যাণ শিবিরের শেষ দিন। জেলায় জেলায় শিবিরগুলিতে ভিড় উপচে পড়ছে। শিবিরে আসা প্রত্যেক মানুষকে সাহায্য করার জন্য মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিক, এদিন সকালে সাফাই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান বাগবাজার ঘাটে। নিজেই ঝাঁটা হাতে ঘাট পরিষ্কারে নামেন। আবার তৃণমূলের অন্দরে ডামাডোল থামছে না। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
17 Jun 2026 09:14 PM (IST)
Central Force: ৫০০ থেকে কমিয়ে ১৫০ কোম্পানি বাহিনী রাখা হল রাজ্যে
ভোট শেষ হওয়ার প্রায় দেড় মাস পর রাজ্য থেকে আধা সামরিক বাহিনী কমিয়ে দেওয়া হল। সূত্রের খবর, ভোটের পরে ৫০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা ছিল রাজ্যে। এবার সেটা কমিয়ে ১৫০ কোম্পানি করা হল। আজ বুধবার থেকেই কমিয়ে দেওয়া হল বাহিনী। সারা রাজ্য জুড়ে এই ১৫০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা থাকবে। কলকাতার জন্য ১৮ এবং হাওড়ার জন্য ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী রাখা হচ্ছে।
17 Jun 2026 05:53 PM (IST)
Suvendu Adhikari: শুভেন্দুর উপস্থিতিতে পুলিশের আধুনিক প্রশিক্ষণের জন্য MOU স্বাক্ষর
রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মউ স্বাক্ষর সম্পন্ন হয়।
শুভেন্দু জানান, পুলিশের আধুনিক প্রশিক্ষণের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হল। পুলিশের পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের হাতে আধুনিক অস্ত্র না থাকায়, প্রশিক্ষণের অভাবে পুলিশের কাজে খামতি থেকেছে। ট্রেনিং নিয়ে বসে থাকা ১৬০০০ কনস্টেবলকেও কাজে লাগানো প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।
পালা বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় তৃণমূল কাউন্সিলর, নয়ত তৃণমূলের প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন বিভিন্ন অভিযোগে। এর মধ্য়েই ফের একবার গ্রেফতারির খবর। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrest) গ্রেফতার। কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা।
পালা বদলের পর এই প্রথম রাজ্য বাজেট পেশ করবে বাংলার বিজেপি সরকার। আগামী ১৮ জুন শুরু হবে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন। আর ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর সূত্রের।
খোদ অরূপের নামে বিধাননগর পুলিশে চিঠি পাঠাল মেসির টিম
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) কোথায়? কেন তিনি পুলিশি হাজিরা দিচ্ছেন না? এমনকী, কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতিও এই প্রশ্ন করেছিলেন। তবে, এর মধ্যেই আরও বিপাকে অরূপ বিশ্বাস। লিওনেল মেসির হ্যাটট্রিকের দিনই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নামে বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে এল মেসির টিমের চিঠি।
পুরী থেকে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। সুশান্তকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেফতার করা হয়েছিল।
অনুব্রত মণ্ডলের জেলা। এতদিন রাজনৈতিক পরিসরে বীরভূম বললে অনুব্রত ওরফে কেষ্টর নামই সামনে আসত। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। আবার বালি, পাথর, গোরু পাচারেও নাম জড়িয়েছিল কেষ্টর। বালি, পাথার খাদানগুলিতে দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রবেশ করেছিল, সরকার বদল হতেই সেই তথ্য সামনে আসছে।
পাথর খাদান থেকে কোটি কোটি টাকা ঢুকত তৃণমূলের পার্টি ফান্ডে। তথ্য তুলে ধরে এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
তিনি জানালেন, গত এক মাসে বীরভূমের ১০টি পাথরের চেক গেট থেকে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা। সেখানে তার আগের মাসে রাজ্যের ঘরে ১০ কোটি টাকাও রাজস্ব ঢোকেনি।
মঙ্গলবারই তপ্ত হয়ে উঠেছিল ফলতা। জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার হামলা চলে থানায়। জাহাঙ্গিরের স্ত্রী’র নেতৃত্বে চলে এই হামলা। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকেই। ২৪ ঘণ্টার মধ্যেই ফলতায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন জাহাঙ্গিরের স্ত্রীকে।
17 Jun 2026 01:56 PM (IST)
Anit Thapa: জিটিএ-র চিফ এক্সিকিউটিভের পদ ছাড়লেন অনীত
জিটিএ-র চিফ এক্সিকিউটিভের পদ ছাড়লেন অনীত থাপা।
পদত্যাগের পর তিনি বলেন, “পাহাড়ের জনতা চাইছে স্থায়ী রাজনৈতিক সমাধান। জিটিএ রেখে তা হতে পারে না। তাই বাসিন্দাদের দাবি মেনেই পদত্যাগ করেছি।”
একইসঙ্গে তিনি বলেন, ” জিটিএ ছাড়ছি। বাকি সদস্যরাও জিটিএ ছাড়ছেন। তবে দুর্নীতি করেছি মানি না। শিক্ষক নিয়োগ স্ক্যামেও আমরা জড়িত নই। তদন্ত হলেই সব সামনে আসবে।”
17 Jun 2026 12:01 PM (IST)
ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সরব প্রধানমন্ত্রী মোদী
দেশের আগে কেউ নয়! ফের প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবুও ভারতীয় নাবিকদের উপরে মার্কিন হামলা নিয়ে মুখ খুলতে দ্বিধা করলেন না।
প্রধানমন্ত্রী বলেন, “বহু ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন। নাবিকদের সুরক্ষা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যে সমুদ্রের রুট গুলি যেন সুরক্ষিত থাকে এবং নাবিকরা নির্ভয়ে, নিশ্চিন্তে তাদের কাজ করতে পারেন।”
17 Jun 2026 10:16 AM (IST)
Sabyasachi Dutta: ফ্রিজ করা হল ধৃত সব্যসাচীর ৫টি অ্যাকাউন্ট
বিধাননগর পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্তের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।
যার মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে।
জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে।
সব্যসাচীর একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে।
গতকাল সব্যসাচী দত্তের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনা গাইঘাটায় তল্লাশি চালানো হয়। তবে উল্লেখযোগ্যভাবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
সব্যসাচীকে এদিন পুনরায় বিধাননগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে।
17 Jun 2026 10:12 AM (IST)
TMC leader arrested: তোলাবাজি, দাদাগিরির অভিযোগ, বসিরহাটে ধৃত জেলা পরিষদের সদস্য
গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। বসিরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে পাচার, জমি দখল,ভোট পরবর্তী হিংসা, নদী ভরাট করে বেআইনি রিসোর্ট ও পার্ক তৈরি করা, তোলাবাজি, এলাকায় দাদাগিরি-সহ একাধিক অভিযোগে রয়েছে।
আজ (বুধবার) তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
17 Jun 2026 10:10 AM (IST)
CM Suvendu Adhikari: জনকল্যাণ শিবির পরিদর্শনে ফলতা যাচ্ছেন শুভেন্দু
পুনর্নির্বাচনের ফল প্রকাশের পরই ফলতায় আসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু নানা কারণে এতদিন তাঁর সফর সম্ভব হয়নি।
অবশেষে আজ (বুধবার) বেলা ১১ টা নাগাদ ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন জনকল্যাণ শিবির ঘুরে দেখার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। শিবিরে সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা পাওয়ার বিষয়গুলিও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর।
আগেই ফলতার উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, এদিনের সফরে সেই প্যাকেজের বিষয়েও আলোকপাত করতে পারেন মুখ্যমন্ত্রী।
17 Jun 2026 10:05 AM (IST)
CM Suvendu Adhikari: বাগবাজার ঘাট পরিষ্কারে ঝাঁটা হাতে নিলেন মুখ্যমন্ত্রী