Bangladesh Election: ‘মেয়েরা বাজার করছে, ঘর সামলাচ্ছে! ভোট দেবে না কেন?’, বাংলাদেশে ৫৬ বছর পর বদল

Bangladesh Election 2026: চাঁদপুরের গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম লোকমান হাকিম বলেন, "এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬০৩ জন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৮১১ জন, মহিলা ১ হাজার ৭৯২ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪০১ জনের ভোট পড়েছে, তার মধ্য়ে মহিলা ভোটার ১৫৯ জন।"

Bangladesh Election: মেয়েরা বাজার করছে, ঘর সামলাচ্ছে! ভোট দেবে না কেন?, বাংলাদেশে ৫৬ বছর পর বদল
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Feb 12, 2026 | 4:59 PM

ঢাকা: ৫৬ বছর পর দেশের নির্বাচন পর্বে অংশগ্রহণ করলেন এই ইউনিয়নের মেয়েরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বাংলাদেশে ২৯৯টি কেন্দ্রে শুরু হয় ভোটপর্ব। সে দেশের ইতিহাসে এই প্রথমবার একই দিনে দু’টি নির্বাচন। প্রথমটি জাতীয় সংসদ নির্বাচন। দ্বিতীয়টি গণভোট। যা নিরবচ্ছিন্ন ভাবে চলে বিকাল ৪টে পর্যন্ত।

চলতি বছর নির্বাচনপর্বে দেখা গিয়েছে বেনজির ছবি। ভোটকেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মহিলা ভোটারদের। বৃহস্পতিবার সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রের মহিলা ভোটারদেরই দেখা গেল ভোটপ্রদান করতে। কিন্তু এতদিন কেন গণতন্ত্রের এই উৎসব থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন এই মহিলারা?

এই প্রসঙ্গে ভোট দিতে আসা ৭০ বছরের এক বৃদ্ধা, আয়েশা বেগম প্রথম আলোকে জানিয়েছেন, “এত দিন নিষেধ ছিল। কিন্তু স্থানীয়রা অনেক বোঝানোর পরেই ভোট দিতে এলাম।” রূপসা ইউনিয়নের বাসিন্দা নূর জাহান বেগম বলেন, “বিয়ে হয়েছে ৪৫ বছর। কিন্তু এতদিন ভোট দিতে আসেনি। সবাই আমাদের বলল, মেয়েরা বাজার করছে, ঘর সামলাচ্ছে, তা হলে ভোট কেন দেবে না? এতদিন ভোট না দিয়ে ভুল করেছি।”

প্রথম আলোকে চাঁদপুরের গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম লোকমান হাকিম বলেন, “এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬০৩ জন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৮১১ জন, মহিলা ১ হাজার ৭৯২ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪০১ জনের ভোট পড়েছে, তার মধ্য়ে মহিলা ভোটার ১৫৯ জন।”

উল্লেখ্য, ১৯৬৯ সালে স্থানীয় ধর্মগুরুরা এই অঞ্চলের মহিলাদের ভোটদানে বাধা দেন। নির্দেশ দেওয়া হয় ভোট না দেওয়ার। এখনও পর্যন্ত প্রতিটি ভোটে বাংলাদেশের নির্বাচন কমিশন সচেনততা অভিযান চালিয়েছে। কিন্তু তারপর মহিলাদের ভোটকেন্দ্র পর্যন্ত টেনে আনা খুব একটা সম্ভব হয়নি। তবে চলতি বছর সেই মধ্যযুগীয় প্রথার অবসান ঘটিয়ে ভোট দিয়েছেন মেয়েরা। তাও আবার ৫৬ বছর পর।