
এল অল্টো: সদ্য় ছাপানো হয়েছে, সেই নোটের পাহাড় নিয়েই আসছিল বায়ুসেনার বিমান। মাঝ আকাশেই হঠাৎ ঘটল বিপত্তি। বিমানবন্দরের বদলে সোজা রাস্তায় নেমে এল বিমান। আছড়ে পড়ল হাইওয়ে দিয়ে যাওয়া গাড়ির উপরে। রা্স্তা জুড়ে উড়ল নোট, আর বিমানের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন।
ভয়াবহ বিমান দুর্ঘটনা বলিভিয়ায়। সে দেশের রাজধানী এল অল্টোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনী ঘটে। জানা গিয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সদ্য ছাপানো টাকার পাহাড় নিয়ে রওনা দিয়েছিল বলিভিয়ার বায়ুসেনার হারকিউলিস। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল বিমান আবার মাটির দিকে নেমে আসে। হাইওয়েতে প্রায় ডজন খানেক গাড়ির উপরে আছড়ে পড়ে।
Video from the site where a Bolivian Air Force plane crashed in El Alto. Reports of multiple victims, but the number onboard remains unclear.https://t.co/uuunbpGFdh
— AZ Intel (@AZ_Intel_) February 27, 2026
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্য়ু হয়েছে। আহত আরও অন্তত ৩০ জন। বিমানের ভিতরে যারা ছিলেন, তারা যেমন প্রাণ হারিয়েছেন, একইভাবে নীচে হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া লেকজনেরও মৃত্যু হয়েছে।
বিমান দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছয় পুলিশ, দমকল ও স্থানীয় উদ্ধারকারী বাহিনী। দেখা যায়, বিমানটি রাস্তার উপরে পড়ে রয়েছে, তাতে আগুন ধরে গিয়েছে। অন্যদিকে রাস্তার সঙ্গে প্রায় মিশে গিয়েছে গাড়িগুলি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ, রক্ত। আর দমক হাওয়ায় বিমান থেকে উড়ছে টাকার নোট। বহু মানুষকে ওই বিপর্যয়ের মাঝেও টাকা কুড়োতে দেখা যায়।
দমকল দ্রুত বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত এল অল্টো বিমানবন্দর থেকে উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিমানটি কীভাবে বা কোন কারণে ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।