Donald Trump: ‘১০ নম্বর যুদ্ধ থামালাম’, ইজ়রায়েল-লেবাননের সংঘর্ষবিরতি ঘোষণা করে দাবি ট্রাম্পের
Donald Trump on Israel-Lebanan ceasefire: ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, "এইমাত্র লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হল। দারুণ আলোচনা হয়েছে দুই দেশের নেতার সঙ্গে। এই দুই নেতা তাঁদের দেশের মধ্যে শান্তিরক্ষার লক্ষ্যে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।"

ওয়াশিংটন: যুদ্ধ থামছে। ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প (Dona;d Trump)। তবে ইরান-আমেরিকার যুদ্ধ নয়। ইজ়রায়েল ও লেবাননের। তবে, যুদ্ধ পুরোপুরি থামছে না। দুই দেশের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তিনিই যুদ্ধ থামিয়েছেন। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির নেপথ্যে তাঁরই কৃতিত্ব। এর আগে বহুবার দাবি করেছেন তাঁর হস্তক্ষেপেই ভারত-পাকিস্তানের (India-Paksitan) মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে। এবার ইজ়রায়েল-লেবাননের সংঘর্ষবিরতিতেও একই দাবি করলেন। ট্রাম্পের দাবি, এই নিয়ে ১০টি যুদ্ধবিরতির ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর দারুণ আলোচনা হয়েছে। এই যুদ্ধবিরতি বিকেল ৫টায় (EST) বা ভারতীয় সময় ভোর ৩টে৩০ মিনিটে (IST) শুরু হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এইমাত্র লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হল। দারুণ আলোচনা হয়েছে দুই দেশের নেতার সঙ্গে। এই দুই নেতা তাঁদের দেশের মধ্যে শান্তিরক্ষার লক্ষ্যে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।”
আর কী বললেন ট্রাম্প?
তিনি আরও লেখেন, “সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য বিশেষ সম্মানের। এটা দশ নম্বর হবে। কাজটি দ্রুত সম্পন্ন করা যাক।” ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে ইজ়রায়েল ও লেবানন ৩৪ বছর পর প্রথমবার বৈঠকে বসেছে। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও-কে নির্দেশ দিয়েছেন যেন দেশ দুটির মধ্যে শান্তি ফিরে আসে।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৪ বছর ধরে ইজ়রায়েল ও লেবাননের মধ্যে কোনও বৈঠক হয়নি। ১৯৪৮ সাল থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। ১৯৮৩ সালে একবার যুদ্ধ থামানোর বিষয়ে হস্তক্ষেপ করেছিল আমেরিকা। মার্কিন মধ্যস্থতায় উচ্চপর্যায়ের আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে। তবে তা স্থায়ী হয়নি। অবশেষে দীর্ঘ সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ১০ দিন পর সেই যুদ্ধ পুরোপুরি থামে কি না সেদিকেই নজর থাকবে। এদিকে, ইরানের সঙ্গে ২০ দিনের সংঘর্ষবিরতি চলছে আমেরিকার। সেই যুদ্ধও পুরোপুরি কম থামবে জানা নেই। ট্রাম্প বারবার দাবি করছেন তিনি অন্যান্য দেশের যুদ্ধ থামাচ্ছেন, শান্তি ফেরাতে উদ্যোগ নিচ্ছেন, কিন্তু পশ্চিম এশিয়ার শান্তি স্থায়ীভাবে কবে ফেরাবেন? নিজের দেশের যুদ্ধ কবে পুরোপুরি থামাবেন? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল।
