Donald Trump: বন্দুকবাজ ‘উন্মাদ’, সঙ্গে প্রচুর অস্ত্র ছিল…, ঠিক কী হয়েছিল নৈশভোজে, জানালেন ট্রাম্প
Donald Trump reacts on shooting : ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, শনিবার রাতে তখন নৈশভোজ চলছিল। হঠাৎ ওই ব্যক্তি সিকিউরিটি চেকপয়েন্টে হামলা চালায়। চার-পাঁচ রাউন্ড গুলি চলে। ওই ব্যক্তির কাছে প্রচুর অস্ত্র ছিল। কিন্তু, সেক্টর সার্ভিসের সদস্যরা তাঁকে ধরে ফেলেন। এর আগে এফবিআই-এর এক কর্মকর্তা জানিয়েছিলেন, সন্দেহভাজন ব্যক্তিটি একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন। তবে, তাঁর বুলেটপ্রুফ পোশাকের কারণে তিনি রক্ষা পান।

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নৈশভোজে বন্দুকবাজের হামলার ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। ট্রাম্পকে টার্গেট করেই কি হামলা চালিয়েছে ওই বন্দুকবাজ? ঠিক কী ঘটেছিল ওয়াশিংটন হিলটন হোটেলে? কীভাবে হামলা চালিয়েছে ওই ব্যক্তি? কেন হামলা চালায় সে? হামলার ঘটনার মুহূর্তে কী হয়েছিল, তা হোয়াইট হাউজ়ে (White House) একটি সাংবাদিক বৈঠক করে জানালেন ডোনাল্ড ট্রাম্প।
সিকিউরিটি চেকপয়েন্টে হামলা
ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, শনিবার রাতে তখন নৈশভোজ চলছিল। হঠাৎ ওই ব্যক্তি সিকিউরিটি চেকপয়েন্টে হামলা চালায়। চার-পাঁচ রাউন্ড গুলি চলে। ওই ব্যক্তির কাছে প্রচুর অস্ত্র ছিল। কিন্তু, সেক্টর সার্ভিসের সদস্যরা তাঁকে ধরে ফেলেন। এর আগে এফবিআই-এর এক কর্মকর্তা জানিয়েছিলেন, সন্দেহভাজন ব্যক্তিটি একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন। তবে, তাঁর বুলেটপ্রুফ পোশাকের কারণে তিনি আহত হননি।
ট্রাম্পকেই কি টার্গেট করা হয়েছিল?
ট্রাম্প জানিয়েছেন, বন্দুকবাজ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম টমাস অ্যালেন। তাঁকেই মূল লক্ষ্য করা হয়েছিল কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার ধারণাও তাই।” অর্থাৎ ট্রাম্পও মনে করছেন তাঁর উপর হামলার উদ্দেশেই এসেছিলেন ওই ব্যক্তি। এরপর অবশ্য তিনি বলেন,”হামলাকারীর আসল উদ্দেশ্য কী ছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ট্রাম্পের আরও দাবি, হামলাকারী সম্ভবত একাই হামলা চালিয়েছে। তবে, আসল ঘটনা কী, তা খুঁজে বের করবে কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনেরাল টড ব্লাঞ্চ বলেন,”তদন্ত চলছে এবং শীঘ্রই অভিযোগ দায়ের করা হবে।
গতকালের ঘটনার পর নৈশভোজটি বাতিল করা হয়। যদিও ট্রাম্প জানান, তিনি আশা করেন ৩০ দিনের মধ্যে আবার একই ধরনের নৈশভোজের আয়োজন করা যেতে পারে। তবে, নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেন, “এটি বিশেষভাবে সুরক্ষিত কোনও বিল্ডিং নয়’ এবং আরও শক্তিশালী ও উন্নত সুরক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
