AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Killed in America: পিৎজ়া ডেলিভারি করতে গিয়ে আমেরিকায় ‘খুন’ ভারতীয় যুবক

Indian man shot dead in US: পরিবারের দাবি, অংশুলের কাছ থেকে কোনও জিনিসপত্র লুট করা হয়নি। ফলে খুনের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অংশুলের বোন তন্বী কুঞ্চার অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর কথায়,"ওঁকে একটি পরিত্যক্ত, নির্জন এলাকায় পিৎজা পৌঁছে দিতে বলা হয়েছিল। পরে জানতে পারি সেটি ছিল ভুয়ো অর্ডার।"

Indian Killed in America: পিৎজ়া ডেলিভারি করতে গিয়ে আমেরিকায় 'খুন' ভারতীয় যুবক
মৃত ভারতীয় যুবক Image Credit: x
| Updated on: Jun 07, 2026 | 11:55 AM
Share

ওয়াশিংটন: আমেরিকা ফের ভারতীয়র মৃত্যু (Indian Youth Death in America)। এক যুবককে গুলি (Indian Youth Killed) করে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম অংশুল কুঞ্চা (২৮)। তেলাঙ্গানার বাসিন্দা। কর্মসূত্রে আমেরিকায় থাকতেন। অভিযোগ, সেখানেই পিৎজ়া ডেলিভারি করতে গিয়ে খুন হলেন ওই যুবক। পরিবারের দাবি, অংশুলকে ফাঁদে ফেলা হয়েছিল। জানা গিয়েছে, পিৎজ়ার যে অর্ডার এসেছিল, সেটাও ফেক বা ভুয়ো (Fake Pizza Delivery Order)। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

 কীভাবে খুন ভারতীয় যুবক?

পরিবার সূত্রে জানা গিয়েছে, আমেরিকার একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন অংশুল। পাশাপাশি অতিরিক্ত উপার্জনের জন্য সপ্তাহের শেষে ছুটির দিন পিৎজ়া ডেলিভারির কাজও করতেন। শনিবার রাতে একটি ডেলিভারি অর্ডার আসে তাঁর কাছে। অর্ডার পৌঁছে দিতে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন তিনি। আর সেখানে পৌঁছতেই মুখোশ পরা এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তারপর সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অংশুল। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

 পরিকল্পনা করেই খুন?

পরিবারের দাবি, অংশুলের কাছ থেকে কোনও জিনিসপত্র লুট করা হয়নি। ফলে খুনের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অংশুলের বোন তন্বী কুঞ্চার অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর কথায়,”ওঁকে একটি পরিত্যক্ত, নির্জন এলাকায় পিৎজা পৌঁছে দিতে বলা হয়েছিল। পরে জানতে পারি সেটি ছিল ভুয়ো অর্ডার। সেখানে কোনও কাস্টমারই ছিল না। ওঁকে খুন করার উদ্দেশ্যেই এই ফাঁদ পাতা হয়েছিল। কেন এমন করা হল, তা আমরা জানি না। কিন্তু আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।” জানা গিয়েছে, যে এলাকায় অর্ডার ডেলিভারি করতে বলা হয়েছিল, সেখানে লোকালয় ছিল না। জায়গাটা নির্জন ছিল।

দোষীর শাস্তির দাবি পরিবারের

অংশুলের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার আবেদন করেছেন তাঁর পরিবার। তন্বীর কথায়, “আমার ভাই খুবই প্রাণবন্ত ছিল। প্রায় চার বছর ধরে আমেরিকায় ছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব তাঁর দেহ দেশে ফিরিয়ে আনা হোক।” এর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। যদিও কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা সন্দেহের কথা এখনও জানায়নি তারা। উল্লেখ্য, এর আগে আমেরিকায় চুরি, ডাকাতির শিকার হয়েছিলেন অংশুল। তাঁর চেন, ফোন, টাকা চুরি হয়ে গিয়েছিল। তবে, কোনওদিন খুনের চেষ্টা করা হয়নি।

এদিকে, নিউইয়র্কে অবস্থিত ভারতীয় দুতাবাসের তরফে ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে জানিয়েছে, ফিলাডেলফিয়ায় ভারতীয় নাগরিক অংশুল কুঞ্চার মৃত্যুর ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। দূতাবাস স্থানীয় প্রশাসন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সবরকম সহায়তা করছে।

Follow Us