
ইরান: যুদ্ধ শেষ হওয়ার পথে, ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠক করে এ কথা বলার পরই তীব্র প্রতিক্রিয়া ইরানের। তেহরানের তরফে থেকে সাফ জানিয়ে দেওয়া হল, যুদ্ধ কবে থামবে, তা তারা ঠিক করবে। আমেরিকা ও ইজরায়েলের লক্ষ্যবস্তুতে কবে থেকে আর তারা আঘাত করবে না, সেটা তারাই ঠিক করবে বলে স্পষ্ট করে দিয়েছে ইরান।
যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ আপাতত তেহরানের হাতে আছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। আইআরজিএস-এর তরফে দেওয়া বিবৃতিতে স্পষ্ট লেখা, “আমরা ঠিক করব, কবে যুদ্ধ শেষ হবে। আমেরিকা কোনও যুদ্ধ শেষ করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন আমাদের হাতে।”
যুদ্ধ যে পথে এগোচ্ছে, তাতে সবথেকে বেশি প্রভাব পড়েছে তেলের জোগানে। আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। প্রায় ৪ বছর পর আমেরিকায় এত বেশি বেড়েছে তেলের দাম। বিশেষত, খামেনেই পুত্র আয়াতোল্লা মোজতাবা খামেনেই-কে ইরান দায়িত্ব দেওয়ার পরই তেলের দাম সর্বোচ্চ হয়ে গিয়েছে। পরে ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার বার্তা দিতে আমেরিকার শেয়ার সূচক কিছুটা উঠেছে, তেলের দামও কমতে শুরু করেছে।
সোমবার যুদ্ধ নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। পুতিনের বিদেশ উপদেষ্টা জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতি শেষ করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন পুতিন। ফ্লোরিডায় এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার কথা বলেছেন। তবে কোনও সময়সীমা বেঁধে দেননি তিনি।