AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Mosque Blast: পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ

Pakistan Mosque Suicide Bombing: পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের জেরে পুলিশ দফতরের বাইরের দেওয়াল ভেঙে পড়ে। মসজিদটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের অধিকাংশই মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন।

Pakistan Mosque Blast: পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ
আহতদের কাঁধে করেই নিয়ে যাওয়া হচ্ছেImage Credit: Social Media
| Updated on: Sep 18, 2026 | 11:49 PM
Share

ইসলামাবাদ: উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণ। শুক্রবার এই বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশকর্মী রয়েছেন। পুলিশ দফতরের একটি ভবনের কাছেই ওই মসজিদে হামলা চালানো হয়। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ। 

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ। তিনি বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের জেরে পুলিশ দফতরের বাইরের দেওয়াল ভেঙে পড়ে। মসজিদটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই সশস্ত্র ব্যক্তি পুলিশ চত্বরে ঢোকার চেষ্টা করে। তাদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। ওই হামলাকারীদের মধ্যে একজন নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এএফপিকে এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের অধিকাংশই মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কড়া নিন্দা করে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্টও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর একদিন আগেই উত্তর-পশ্চিমাঞ্চলের হাঙ্গু জেলায় নিরাপত্তাবাহিনীর একটি কনভয়ে রাস্তার ধারে বোমা হামলা চালানো হয়। সেই ঘটনায় ছয় সেনার মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালায় সরকারি বাহিনী। সেনা ও পুলিশ সূত্রে দাবি, ওই অভিযানে পাকিস্তানি তালিবানের সদস্য বলে সন্দেহজনক ১০ জন জঙ্গি নিহত হয়েছে।

গত কয়েক বছরে পাকিস্তানি তালিবান পুলিশ ও সাধারণ নাগরিকদের উপর হামলা বাড়িয়েছে। ২০২৩ সালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি মসজিদের ভিতরে আত্মঘাতী হামলায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) আফগানিস্তানের তালিবান থেকে পৃথক একটি সংগঠন হলেও তাদের সঙ্গে জোট রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান প্রায়ই অভিযোগ করে আসছে, কাবুল TTP-কে আশ্রয় দিচ্ছে এবং সীমান্তপারের জঙ্গি হামলার ক্ষেত্রে চোখ বন্ধ করে রয়েছে। তবে আফগানিস্তানের সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

Follow Us