Trump-Netanyahu Clash: ইরানে হামলা চালানো নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল? যুদ্ধ কোনদিকে গড়াবে?

Iran-Israel Clash: এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইজরায়েলের এই হামলা সম্পর্কে আমেরিকা আগে থেকে কিছু জানত না। কাতারও এই হামলার সঙ্গে কোনওভাবে জড়িত নয়। ইজরায়েল রাগের বশেই ইরানে হামলা করেছে।

Trump-Netanyahu Clash: ইরানে হামলা চালানো নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল? যুদ্ধ কোনদিকে গড়াবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Mar 20, 2026 | 4:35 PM

ওয়াশিংটন: সংঘাত চরমে, সেই মুহূর্তেই ফাটল ধরল বন্ধুত্বে? ইজরায়েল (Israel) নাকি আমেরিকা (USA)-কে ইরানের সঙ্গে সংঘাতে জোর করে টেনেছে! যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এই দাবি মানতে নারাজ। আমেরিকাকে সংঘাতে জড়ানোর দাবি ভুয়ো বলেই জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)-কে কেউ কোনও সিদ্ধান্ত নিতে নির্দেশ দিতে পারে না।

ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে ইজরায়েল। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। পাল্টা জবাবে ইরানও কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে হামলা করেছে। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কাতারের এলএনজি সরবরাহ স্বাভাবিক করতে পাঁচ বছর লেগে যাবে।

এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইজরায়েলের এই হামলা সম্পর্কে আমেরিকা আগে থেকে কিছু জানত না। কাতারও এই হামলার সঙ্গে কোনওভাবে জড়িত নয়। ইজরায়েল রাগের বশেই ইরানে হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ওকে বারণ করেছিলাম, বলেছিলাম হামলা করো না। আমাদের মধ্যে খুব ভাল বনিবনা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ওঁ (নেতানিয়াহু) এমন কিছু করে, আমার সেটা ভাল লাগে না। তাই আমরা আর সেটা (হামলা) করছি না।”

এদিকে ইজরায়েলি আধিকারিকদের দাবি, হামলার আগেই ওয়াশিংটনকে জানানো হয়েছিল। তারা হামলায় অংশ না নিলেও, ইজরায়েলি আক্রমণ সম্পর্কে জানত।

এই নিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে ইজরায়েল একাই হামলা চালিয়েছে। আমেরিকা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। মার্কিন প্রেসিডেন্ট প্রসঙ্গেও তিনি বলেন যে কেউ কি প্রেসিডেন্ট (ট্রাম্প)-কে কী করতে হবে, বলতে পারেন? আমেরিকার জন্য যা ভাল বলে মনে করেন, ট্রাম্প সেই সিদ্ধান্তই নেন।

প্রসঙ্গত, ২১ দিন পার করেছে ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত। ইজরায়েল ও আমেরিকা ইরানের উপরে হামলা করছে। পাল্টা জবাবে ইরান ইজরায়েল ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ, যেখানে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেখানে হামলা করছে। সংঘাতে ইরানে এখনও পর্যন্ত কমপক্ষে ১৩০০ নাগরিক প্রাণ হারিয়েছেন। লেবাননে ৯৬০ জন এবং ইজরায়েলে ১৪ জন মারা গিয়েছেন। মার্কিন সেনার ১৩ জন প্রাণ হারিয়েছেন। প্রায় ২০০-রও বেশি সেনা আহত।

Follow Us