Donald Trump: গাজাকে গড়ে তুলতে টাকা দেবেন ট্রাম্প, ‘বোর্ড অব পিসে’ কী করল ভারত?

Board of Peace: প্রায় ৫০টি দেশ এই বৈঠকে অংশ নিয়েছিল। এর মধ্যে আজ়ারবাইজান, বেলারুস, মিশর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইজরায়েল, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, উজবেকিস্তান ও ভিয়েতনাম সহ মোট ২৭টি দেশ সদস্য হিসাবে অংশগ্রহণ করেছে।

Donald Trump: গাজাকে গড়ে তুলতে টাকা দেবেন ট্রাম্প, বোর্ড অব পিসে কী করল ভারত?
বোর্ড অব পিসের বৈঠক।Image Credit source: PTI

|

Feb 20, 2026 | 7:02 AM

ওয়াশিংটন: আমেরিকার আমন্ত্রণ গ্রহণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে অংশ নিল ভারত। তবে সক্রিয় সদস্য নয়, পর্যবেক্ষক দেশ হিসাবে। এক সপ্তাহ আগেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে গাজার বোর্ড অব পিসে সামিল হওয়ার জন্য আমেরিকার আমন্ত্রণ পর্যালোচনা করবে।

গত মাসে ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে গাজায় শান্তি ফেরাতে বোর্ড অব পিস গঠন করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই বেছে বেছে একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই বোর্ডের অংশ হতে। জানিয়েছিলেন, বোর্ড অব পিস ইজরায়েল ও গাজায় হামাসের মধ্যে সংঘর্ষবিরতি যাতে জারি থাকে, তা দেখভাল করবে। একইসঙ্গে গাজা স্ট্রিপ পুনর্নির্মাণ করবে।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে বোর্ড অব পিসের প্রথম বৈঠক হয়। প্রায় ৫০টি দেশ এই বৈঠকে অংশ নিয়েছিল। এর মধ্যে আজ়ারবাইজান, বেলারুস, মিশর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইজরায়েল, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, উজবেকিস্তান ও ভিয়েতনাম সহ মোট ২৭টি দেশ সদস্য হিসাবে অংশগ্রহণ করেছে। ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন অংশ নেয় পর্যবেক্ষক হিসাবে।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কাজাকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও  কুয়েত একসঙ্গে ৭ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করতে রাজি হয়েছে। আমেরিকা একাই ১০ বিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন ট্রাম্প। বোর্ড অব পিসের জন্যও ১০ বিলিয়ন ডলার দিতে চায় আমেরিতা, এমনটাই জানান ট্রাম্প।

বিভিন্ন দেশের অর্থ সাহায্যেই সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যাওয়া গাজা স্ট্রিপ পুনর্নিমার্ণ করা হবে। তবে বোর্ড অব পিসের জন্য যে টাকা খরচের কথা বলছেন ট্রাম্প, সেই টাকা কোথায় খরচ হবে, তা জানা যায়নি।