Video: জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, আমেরিকায় বড় বিপর্যয়! বহু প্রাণহানির আশঙ্কা

Baltimore Bridge collapses Video: আমেরিকায় বড়-সড় সেতু বিপর্যয়! জাহাজের ধাক্কায় ভাঙল বাল্টিমোরের আইকনিক সেতুর একটা বড় অংশ ভেঙে পড়ল। বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে গিয়েছেন। বহু মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Video: জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, আমেরিকায় বড় বিপর্যয়! বহু প্রাণহানির আশঙ্কা
সেতু ভাঙল আমেরিকায়Image Credit source: Twitter

Mar 26, 2024 | 1:42 PM

ওয়াশিংটন: আমেরিকায় বড়-সড় সেতু বিপর্যয়! সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের এক সেতুতে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। এরপরই, বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে পড়েছে। মার্কিন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে, সেতুটির একটি ভিতে ধাক্কা মারে। সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। ধাক্কা মারার পর, জাহাজটি সেতুটির নীচে আটকে গিয়েছে। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সংখ্যা জানানো হয়নি।

এই ঘটনা কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় সেতু ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাহাজটি সেতুটির একটি ভিতে ধাক্কা মারছে। একটা আগুনের গোলা দেখা যায়। তারপরই তিন চার টুকরো হয়ে ভেঙে পড়ছে সেতুটি।


জানা গিয়েছে, ঘটনার পর, সেতুর উপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাটাপসকো নদীর উপর তৈরি এই সেতু ১.৬ মাইল দীর্ঘ। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের অপরিহার্য যোগসূত্র এই সেতু। একেক দিকে ৪ লেনে গাড়ি যাতায়াত করে। কাজেই, যান চলাচল বন্ধ রাখায় সেতুর দুই দিকে বিশাল গাড়ির লাইন পড়ে গিয়েছে। বন্ধ রাখা হয়েছে, সেতুর নীচ দিয়ে জলযান চলাচলও। প্যাটাপসকো নদীর সমস্ত জাহাজ, স্টিমার নৌকাকে অন্যপথে ঘুরিয়ে দিয়েছে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি।

ঘটনাস্থলে এসে পৌঁছেছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এসেছে মার্কিন কোস্ট গার্ড বাহিনীও। বাল্টিমোর পুলিশ বিভাগও জানিয়েছে সেতু ধসে পড়ার বিষয়ে তারা অবগত। তাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us