CNG Price Hike: পেট্রোল-ডিজ়েলের পর দাম বাড়ল CNG-রও, ফের বাড়বে অটো ভাড়া?
CNG price hike effect: ১৫ মে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজ সকাল থেকে পেট্রোল-ডিজ়েলে নতুন দাম কার্যকর হয়েছে। এবার সিএনজির দামও বাড়ানো হল। সেক্ষেত্রে সিএনজির দাম বাড়ায় কি অটো ভাড়াও বাড়তে চলেছে এবার?

নয়া দিল্লি : সকাল সকাল আমজনতার পকেটে জোড়া ধাক্কা। পেট্রোল-ডিজ়েলের (Petrol-Diesel Price Hike) পর এবার দাম বাড়ল সিএনজি-র (CNG Price Hike)। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী নিয়ে জটিলতা কাটেনি। ফলস্বরূপ বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। যার প্রভাব পড়েছে ভারতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দেশবাসীকে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণের বার্তার দিয়েছিলেন। সেখানে ওয়ার্ক ফ্রম হোম থেকে গণপরিবহন ব্যবহার করা…একাধিক বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এই আবহে যে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজ সকাল থেকে পেট্রোল-ডিজ়েলে নতুন দাম কার্যকর হয়েছে। এবার সিএনজির দামও বাড়ানো হল। সেক্ষেত্রে সিএনজির দাম বাড়ায় কি অটো ভাড়াও বাড়তে চলেছে এবার?
সিএনজির দাম
জানা গিয়েছে, সিএনজির দাম ২ টাকা বৃদ্ধি পয়েছে। গতকালই মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তার একদিন পরেই সিএনজি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে, আজ আপাতত দিল্লিতে সিএনজির দাম বেড়েছে। দিল্লিতে আগে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৭৭.০৯। দাম বেড়ে হয়েছে ৭৯.০৯ টাকা। কলকাতায় দাম বাড়েনি। তবে, পরপর মুম্বই ও দিল্লিতে সিএনজির দাম বাড়ার পর কলকাতাতেও দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আর সিএনজির দাম বাড়লে স্বাভাবিকভাবেই অটো ভাড়া বাড়বে। এর আগেও একাধিক রুটে অটো ভাড়া বেড়েছে। সেক্ষেত্রে কলকাতায় যদি দাম বাড়ে তাহলে আবারও ভাড়া বাড়াতে পারে অটো ইউনিয়নগুলি। এমনটাই মনে করা হচ্ছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইভেট গাড়ি ছেড়ে গণ পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে যদি অটো ভাড়া বাড়ে, তাহলে সেই আমজনতার পকেটেই টান পড়বে।
পেট্রোল-ডিজ়েলের দাম
পেট্রোল-ডিজ়েলের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা ৬৬ পয়সা। ডিজ়েলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৮ পয়সা।
