OYO-তে যাওয়া বন্ধ করে দিচ্ছে সবাই! উঠল বয়কটের ডাক, কী এমন ভুল করে ফেলল?
OYO Hotel: #BycottOYO সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় Oyo-এর এই বিজ্ঞাপনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

নয়া দিল্লি: একটা ভুল সিদ্ধান্ত, তাতেই চরম বিতর্ক। হু হু করে পড়ল ব্যবসা। পরিস্থিতি এমনই হয়ে গেল যে ক্ষমা চাইতে হল ওয়ো(OYO)-কে। কী এমন করেছিল ওয়ো, যে জনরোষের মুখে পড়তে হল? বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইতে হল।
সম্প্রতিই ওয়ো তাদের হোটেলের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন ঘিরেই ব্যাপক শোরগোল, বিতর্ক। শেষে অনলাইন হোটেল বুকিং সংস্থাকে ক্ষমা চেয়ে বলতে হল, তাদের উদ্দেশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ছিল না। তারা ধর্মীয় পর্যটনের প্রচারের জন্যই বিজ্ঞাপন দিয়েছিল।
কী বিজ্ঞাপন দিয়েছিল ওয়ো?
ওয়ো বিজ্ঞাপন দিয়েছিল, “ঈশ্বর সর্বত্র…এবং ওয়ো-ও”। আজমীর থেকে বারাণসী, অমৃতসর, হরিদ্বার, মথুরা, নাসিক, পুরী, শিরডি, তিরুপতি, উজ্জয়িনী সহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে ওয়ো রয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকে। অভিযোগ, ওয়ো এই ধরনের বিজ্ঞাপন দিয়ে ধর্মীয় স্থানের অপমান করেছে।
— OYO (@oyorooms) February 21, 2025
এই বিতর্কের পর, #BycottOYO সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় Oyo-এর এই বিজ্ঞাপনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিজ্ঞাপনের বিরুদ্ধে অনেক ধর্মীয় সংগঠনও সরব হয় এবং আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয়।
বিতর্কের মুখে পড়ে ওয়ো সংস্থা বিবৃতি জারি করে বলে, “সাম্প্রতিক বিজ্ঞাপনটির পিছনে আমাদের লক্ষ্য ছিল ভারতে ধর্মীয় পর্যটনের প্রচার করা। কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না। আমাদের দেশের বৈচিত্র্যময় ধর্মবিশ্বাসের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য আমরা গর্বিত।”
প্রসঙ্গত, বহু মানুষই মনে করেন, যুগলরাই সবথেকে বেশি ওয়ো-র বুকিং করে। তবে গত বছরই ওয়োর মালিক জানিয়েছিলেন, ধর্মীয় স্থানেই সবথেকে বেশি ওয়ো বুক হয়। এই বছরের শেষেই ওয়ো ১২টি বড় বড় তীর্থস্থানে ৫০০টি হোটেল যুক্ত করার পরিকল্পনা করেছে।

