AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PSU Banks: চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজেদের শেয়ার কমাবে কেন্দ্র, বেসরকারি হয়ে যাবে দুটি ব্যাঙ্ক?

PSU Bank Stake Sale: কেন্দ্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারের শেয়ার কমানো হলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আরও বেশি শেয়ার কেনার সুযোগ তৈরি হবে। বাজারের পরিস্থিতি বিবেচনা করে সরকার অফার ফর সেল (OFS) পদ্ধতিতে নিজেদের হাতে থাকা শেয়ারের একাংশ বিক্রি করতে পারে।

PSU Banks: চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজেদের শেয়ার কমাবে কেন্দ্র, বেসরকারি হয়ে যাবে দুটি ব্যাঙ্ক?
কোন কোন ব্যাঙ্কের শেয়ার কমাচ্ছে কেন্দ্র?Image Credit: PTI
| Updated on: Oct 24, 2026 | 1:39 PM
Share

নয়া দিল্লি: ব্যাঙ্কের মালিকানা ছাড়তে চাইছে কেন্দ্রীয় সরকার। চারটি বড় পাবলিক সেক্টর ব্যাঙ্কে অংশীদারিত্ব কমানোর কথা ভাবছে কেন্দ্র। এর পরের ধাপেই আবার রয়েছে ব্যাঙ্কের বেসরকারিকরণের পরিকল্পনা। ঠিক কী করতে চাইছে কেন্দ্রীয় সরকার?

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India), ইউকো ব্যাঙ্ক (UCO Bank), পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sindh Bank) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)- এই চারটি ব্যাঙ্কে নিজেদের শেয়ার কমানোর ভাবনা কেন্দ্রের। স্টক মার্কেটের নিয়ামক সংস্থা সেবির নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিতে কেন্দ্র শেয়ার হোল্ডিং কমিয়ে ৭৫ শতাংশ করতে পারে। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরবর্তী দফার সংযুক্তিকরণ নিয়েও পরিকল্পনা করছে কেন্দ্র। প্রতিবেদনে সংশ্লিষ্ট মহলের সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে, এই পরিকল্পনায় আরও দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের জন্য চিহ্নিত করা হতে পারে।

কেন্দ্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারের শেয়ার কমানো হলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আরও বেশি শেয়ার কেনার সুযোগ তৈরি হবে। বাজারের পরিস্থিতি বিবেচনা করে সরকার অফার ফর সেল (OFS) পদ্ধতিতে নিজেদের হাতে থাকা শেয়ারের একাংশ বিক্রি করতে পারে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিও নিজেদের পরিকল্পনা অনুযায়ী শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহ করতে পারে।

দ্য ইকোনমিক টাইমস-কে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে এই চারটি ব্যাঙ্কে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের পরিমাণ বাড়ানোই সরকারের প্রথম লক্ষ্য। বাজারের পরিস্থিতি বুঝে অফার ফর সেল পদ্ধতিতে শেয়ার বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সরকারের শেয়ার কমলে ব্যাঙ্কগুলির বাজারমূল্য বা ভ্যালুয়েশন বাড়তে পারে বলেও আশা করা হচ্ছে। তবে এই শেয়ার বিক্রির পরিকল্পনার সঙ্গে ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের বিষয়টি আলাদা। ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে হলে আরও সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনে আইন সংশোধনের প্রয়োজন হতে পারে।

সরকারের হাতে কত শেয়ার রয়েছে?

সরকারের কাছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ৯২.৪৪ শতাংশ স্টেক বা শেয়ার রয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৮১.১৯ শতাংশ, ইউকো ব্যাঙ্কের ৯০.৯৫ শতাংশ এবং পঞ্জাব-সিন্ধ ব্যাঙ্কের ৯৩.৮৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে।  সরকার এই শেয়ারই কমিয়ে ৭৫ শতাংশে নামিয়ে আনতে চাইছে।

বেসরকারিকরণের তালিকায় কোন কোন ব্যাঙ্ক?

জানা গিয়েছে, চারটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের একত্রীকরণের ভাবনাও করছে। কেন্দ্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক না রেখে, তিনটি বা চারটি বড় কেন্দ্রীয় ব্যাঙ্ক রাখার।

সূত্রের খবর, নীতি আয়োগ সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক-কে শর্টলিস্ট করেছে বেসরকারিকরণের জন্য। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একাধিক বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে, সম্প্রতিই আইডিবিআই ব্যাঙ্কের অংশ বিক্রির ঘোষণা হয়েছে। চলতি মাসেই সরকার ঘোষণা করেছে যে কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিং আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ অধিগ্রহণ করবে ৫২ হাজার ৮৭৮ কোটি টাকায়।

Follow Us