AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Bill: স্মার্ট মিটার বসানোর পরেও বেশি বিল? কোন পদ্ধতিতে অভিযোগ জানাবেন, দেখুন

Smart Meter: অভিযোগ জানানোর পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে কনজিউমার গ্রিভেন্স রিড্রেসল ফোরামে (CGRF) অভিযোগ করতে পারেন। সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত পদ্ধতি মেনে সেখানে অভিযোগ জানানো যায়। অভিযোগ জানানোর সময় আগের ও বর্তমান মাসের বিদ্যুতের বিল, মিটারের রিডিংয়ের ছবি, কনজিউমার নম্বর ও আগের অভিযোগের নম্বর রেখে দিন।

Electric Bill: স্মার্ট মিটার বসানোর পরেও বেশি বিল? কোন পদ্ধতিতে অভিযোগ জানাবেন, দেখুন
সিইএসসিImage Credit: Getty Images
| Updated on: Oct 15, 2026 | 2:17 PM
Share

কলকাতা: মাসের বিদ্যুতের বিল হঠাৎ দ্বিগুণ বা ৩ গুণ বেড়ে গেলে অনেকেরই চিন্তা বেড়ে যায়। কখনও মিটারের রিডিংয়ে ভুল, কখনও পুরোনো টাকা যোগ হওয়া বা কখনও বিলে ভুল তথ্য – এই সমস্যা দেখা যায় হামেশাই। স্মার্ট মিটার বসানোর পরেও অনেক গ্রাহক বেশি বিল আসার অভিযোগ করেন। কিন্তু বিদ্যুতের বিল ভুল এলে কী করবেন? স্মার্ট মিটারের রিডিং যাচাই কিভাবে করবেন?

১- প্রথমেই বিদ্যুতের বিল দেখুন-

বিল বেশি এসেছে মনে হলে আগেই আগের মাসের বিলের সঙ্গে এই মাসের বিল মিলিয়ে দেখুন। যদি অস্বাভাবিকভাবে বিল বাড়ে, তার কারণ খুঁজে দেখা জরুরি।

– মিটারের রিডিং ঠিক আছে কি না

– কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে

– বিলের সময় পার হয়েছে কি না

– পুরোনো কোনও বকেয়া টাকা যোগ হয়েছে কি না 

– বিদ্যুতের শুল্ক বা ট্যারিফের হিসাব ঠিক কি না

২- স্মার্ট মিটারে ভুল রিডিং দেখালে কী করবেন?

স্মার্ট মিটার বসানোর পর হঠাৎ বেশি বিল এলে প্রথমে মিটারের স্ক্রিনে দেখানো রিডিং লিখে রাখুন। এরপর বিলের রিডিংয়ের সঙ্গে মিলিয়ে নিন। কোনও কোনও সময় ফোনেই জানিয়ে দেওয়া হয়, কত মিটার রিড হয়েছে। পাশাপাশি, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অ্যাপেই দেখিয়ে দেওয়া হয়, কত বিল এসেছে। মিটারের রিডিং ও বিলের হিসাবে পার্থক্য থাকলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে অভিযোগ জানান। প্রয়োজনে মিটার পরীক্ষার আবেদনও করতে পারেন।

অনলাইনে কিভাবে অভিযোগ করবেন?

– আপনার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সরকারি ওয়েবসাইট বা অ্যাপে অভিযোগ করুন।

– কনজিউমার নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা CA নম্বর দিয়ে লগ ইন করুন।

– বিল সংক্রান্ত অভিযোগ, ভুল রিডিং বা মিটারের সমস্যার বিভাগ বেছে নিন।

– প্রয়োজন হলে বিদ্যুতের বিলের কপি, মিটারের রিডিংয়ের ছবি ও সমস্যার বিবরণ লিখুন।

– অভিযোগ জমা দেওয়ার পর যে অভিযোগ নম্বর পাবেন, সেটি যত্ন করে রেখে দিন।

এর পাশাপাশি ১৯১২ নম্বরে ফোন করেও অভিযোগ করতে পারেন। ফোন করে নিজের সব সমস্যা খুলে বলুন। অভিযোগ নথিভুক্ত হলে অভিযোগ নম্বর সংগ্রহ করে রাখুন। পরে সমস্যার ব্যাপারে ফলো-আপ করতে গেলে এটি কাজে লাগতে পারে।

অভিযোগ জানানোর পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে কনজিউমার গ্রিভেন্স রিড্রেসল ফোরামে (CGRF) অভিযোগ করতে পারেন। সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত পদ্ধতি মেনে সেখানে অভিযোগ জানানো যায়। এর মাধ্যমেও সমাধান না হলে রাজ্যের বিদ্যুৎ ওম্বাডসম্যানের কাছে যাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও সময়সীমা মেনে আবেদন করতে হয়। অভিযোগ জানানোর সময় আগের ও বর্তমান মাসের বিদ্যুতের বিল, মিটারের রিডিংয়ের ছবি, কনজিউমার নম্বর ও আগের অভিযোগের নম্বর রেখে দিন। এগুলি থাকলে সমস্যাটি গুছিয়ে বলা সম্ভব হয়।

Follow Us