PF Account Transfer: UPI-এর মাধ্যমেই এবার পিএফ-এর টাকা তুলতে পারবেন, কীভাবে জেনে নিন পদ্ধতি
PF Account Transfer by UPI: শ্রমমন্ত্রী জানিয়েছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের পরিষেবা উন্নত করার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ করছে। তিনি জানিয়েছেন, ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়াটি খুব দ্রুতই শুরু হবে। অর্থাৎ টাকা সরাসরি সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। ফলে পুরো প্রক্রিয়াটি আগের থেকে অনেক সহজ এবং দ্রুততর হবে।

নয়া দিল্লি : পিএফ-এর (PF) টাকা তোলার বিষয়টি এখন আরও সহজ হচ্ছে। এখন থেকে আর পিএফ-এর (PF Fund) টাকা তোলার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পিএফ-এর টাকা তোলার জন্য একাধিক কাগজ জমা দেওয়া বা জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে আগে। কিন্তু, সেসব ঝামেলা মিটতে চলেছে। এবার ইউপিআইয়ের মাধ্যমেই পিএফ-এর টাকা (PF Fund Withdraw) তুলতে পারবেন আপনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। যা ভবিষ্যতে টাকা তোলাকে আগের থেকেও আরও দ্রুত এবং সহজ করে তুলবে। সম্প্রতি, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কী বলছেন শ্রমমন্ত্রী?
শ্রমমন্ত্রী জানিয়েছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের পরিষেবা উন্নত করার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ করছে। তিনি জানিয়েছেন, ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়াটি খুব দ্রুতই শুরু হবে। অর্থাৎ টাকা সরাসরি সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। ফলে পুরো প্রক্রিয়াটি আগের থেকে অনেক সহজ এবং দ্রুততর হবে।
ইউপিআই মাধ্যমে কীভাবে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে?
শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন প্রক্রিয়া মোট পিএফ (ইপিএফ) অ্যাকাউন্টের একটি অংশ সুরক্ষিত বা ‘ফ্রোজেন’ রাখা হবে এবং বাকি বড় অংশ ইউপিআই-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোলার সুবিধা পাওয়া যাবে। এর ফলে কর্মচারীরা প্রয়োজনমতো দ্রুত তাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এই নতুন ফিচারের মাধ্যমে সদস্যরা সহজেই তাঁদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। লেনদেনের জন্য ব্যবহারকারীদের ইউপিআই পিন দিতে হবে। তাতে অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। এই বিশেষ সুবিধার ফলে কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছে শ্রমমন্ত্রক।
উল্লেখ্য, দিন কয়েক আগেই শোনা গিয়েছে, শীঘ্রই এটিএম থেকে পিএফে (Provident Fund)-র টাকা তোলা যাবে। যদিও এখনও তা কার্যকর হয়নি। আবার এও খবর প্রকাশ্যে এসেছে যে পিএফের লেনদেন করা যাবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে। ইপিএফও-র তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে দ্রুত এবং নির্ঝঞ্ঝাটে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, শেষ পাঁচটি ট্রানজাকশন ও ক্লেমের স্টেটাস চেক করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
