Melody Chocolate: মেলোনি খেতেই বাজার থেকে হাওয়া মেলোডি!
Melody Chocolate: এই ভাইরাল ভিডিও দেখার পর শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ভুল করে 'পার্লে ইন্ডাস্ট্রিজ' নামের একটি কোম্পানির শেয়ার কিনে ফেলেন। তাঁরা ভেবেছিলেন, এই কোম্পানিই হয়ত মেলোডি টফি তৈরী করে। মেলোডি চকলেট নিয়ে এই তুমুল আলোচনার মাঝেই, গতকাল, বুধবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ববাজারে ভারতীয় চকলেট পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন।

কলকাতা : একেই বলে ‘ভুল করে কপাল খোলা’। গতকাল থেকেই গোটা দেশেই চর্চায় ‘মেলোডি’ (#Melody)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইতালি সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Georgia Meloni) এক প্যাকেট মেলোডি চকলেট (Melody Chocolate) উপহার দেন। এক্স (X)-এ মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এই ১ টাকার চকলেট কেনার জন্য হুড়োহুড়ি পরে যায় সাধারণ জনতার মধ্যে। মূলত, মোদী ও মেলোনি – এই দুই নাম মিশিয়েই ‘মেলোডি’ বলা হয়।
গতকাল সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মেলোনি। সেখানেই দেখা যায়, মোদী এক প্যাকেট মেলোডি চকলেট উপহার দিচ্ছেন মেলোনিকে। তারপরেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এমনকি অনলাইন ডেলিভারি অ্যাপেও শেষ হয়ে গেল বিখ্যাত ‘মেলোডি চকলেট’। দেশের বহু জায়গায় এই চকলেট আর পাওয়াই যাচ্ছে না। এছাড়াও এই ভাইরাল ভিডিও দেখার পর শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ভুল করে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ (Parle Industries) নাম একটি কোম্পানির শেয়ার কিনে ফেলেন। তাঁরা ভেবেছিলেন, এই কোম্পানিই হয়ত মেলোডি টফি তৈরী করে। অথচ এই কোম্পানি চকলেট নয়, বরং রিয়্যাল এস্টেট ও আবর্জনা রিসাইকেল করার কাজ করে। আসলে মেলোডি চকলেট বানায় ‘পার্লে প্রোডাক্টস’ (Parle Products)।
মেলোডি চকলেট নিয়ে এই তুমুল আলোচনার মাঝেই, গতকাল, বুধবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) বিশ্ববাজারে ভারতীয় চকলেট পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য শেয়ার করে পীযূষ গোয়েল জানান, গত ১২ বছরে ভারতের টফি ও মিষ্টি পণ্যের রপ্তানি ১৬৬% বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালে যেখানে এই রপ্তানির পরিমান ছিল ৪৯ ৬৮ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ কোটি টাকা। বর্তমানে ভারতীয় টফি বিশ্বের মোট ৭৪টি দেশে রপ্তানি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – সৌদি আরব, ইতালি, নাইজেরিয়া, ইংল্যান্ড, ওমান, ইরাক, স্পেন ইত্যাদি।
সহজ কথায়, একটি ছোট্ট ভিডিও কিভাবে একটি সাধারণ ১টাকার চকলেট নিয়েও পুরো দেশে তোলপাড় সৃষ্টি করতে পারে, মেলোডির এই ছোট্ট ঘটনা তারই এক ছোট্ট উদাহরণ। এমনকি সোশ্যাল মিডিয়ার এই ক্রেজের পাশাপাশি বিশ্ববাজারে ভারতীয় চকলেটের বিক্রি বাড়ার বিষয়টিও দেশের চকলেটের বিক্রি বাড়ার বিষয়টিও দেশের ব্যবসার জন্য একটি সুখকর খবর।
