AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Account Recovery: পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? এবার সেলফি দিলেই ফিরে পাবেন গুগল অ্যাকাউন্ট

Google Selfie Video Verification: গুগলের দাবি, ব্যবহারকারীর ভিডিয়ো নিরাপদ থাকবে। ব্যবহারকারীর রেফারেন্স সেলফি ভিডিও ক্লাউডে সংরক্ষণ করা হবে। সেক্ষেত্রে, ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্ট সেটিংস থেকে যে কোনও সময় এই ভিডিয়ো ডিলিট করতে পারবেন। এই ভিডিয়ো শুধুমাত্র সাইন-ইন যাচাইয়ের জন্যই ব্যবহার করা হবে। তবে ব্যবহারকারী চাইলে অন্য পরিষেবার জন্যও এটি ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

Google Account Recovery: পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? এবার সেলফি দিলেই ফিরে পাবেন গুগল অ্যাকাউন্ট
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Jul 26, 2026 | 5:52 PM
Share

নয়া দিল্লি: ফোন বদলেছেন বা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও (2FA) কাজ করছে না? জানেন কি, এবার থেকে শুধুমাত্র এক সেলফিতেই হবে মুশকিল আসান। যাতে সহজেই নিজের অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় বা সহজেই অ্যাকাউন্টে লগ-ইন (Google Account Recovery) করতে পারেন, তার জন্য নয়া ফিচার চালু করল গুগল। এই ফিচারের (Google Account Feature) মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট ফিরে পাবেন, কীভাবে সেলফির (Selfie Video Verification) মাধ্যমে ভেরিফিকেশন করবেন, জেনে নিন।

কী এই নয়া ফিচার?

গুগল অ্যাকাউন্টের নয়া ফিচারের নাম হল সেলফি ভিডিয়ো ভেরিফিকেশন (Selfie Video Verification)। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীকে মোবাইল বা কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে নিজের মুখের একটি ছোট ভিডিও রেকর্ড করতে হবে। এরপর গুগল সেই ভিডিওর সঙ্গে আগে থেকে সেভ করে রাখা একটি রেফারেন্স ভিডিও মিলিয়ে দেখবে। মিল পেলে নিশ্চিত হবে যে, অ্যাকাউন্টে যিনি ঢোকার চেষ্টা করছেন, তিনিই আসল ব্যবহারকারী।

কীভাবে কাজ করবে এই ফিচার?

ফিচারটি চালু করতে হলে প্রথমে ব্যবহারকারীকে ডিভাইসের ক্যামেরার দিকে তাকিয়ে স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করতে হবে। যেমন, মাথা সামান্য ডান-বাঁ দিকে বা ওপর-নিচে করতে বলা হবে। যা পরিচয় যাচাইয়ে সাহায্য করবে। গুগল জানিয়েছে, এই প্রক্রিয়া অনেকটা অ্যাপলের ফেস আইডি-র মতো হলেও এখানে কোনও বিশেষ ইনফ্রারেড হার্ডওয়্যারের প্রয়োজন হয় না।

নিরাপদ থাকবে আপনার ভিডিয়ো

গুগলের দাবি, ব্যবহারকারীর ভিডিয়ো নিরাপদ থাকবে। ব্যবহারকারীর রেফারেন্স সেলফি ভিডিও ক্লাউডে সংরক্ষণ করা হবে। সেক্ষেত্রে, ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্ট সেটিংস থেকে যে কোনও সময় এই ভিডিয়ো ডিলিট করতে পারবেন। এই ভিডিয়ো শুধুমাত্র সাইন-ইন যাচাইয়ের জন্যই ব্যবহার করা হবে। তবে ব্যবহারকারী চাইলে অন্য পরিষেবার জন্যও এটি ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

ডিপফেক ঠেকাতেও বিশেষ ব্যবস্থা

অ্যাকাউন্ট রিকভারি বা লগ-ইনের সময় আবারও একটি নতুন সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। স্ক্রিনে দেখানো কিছু সহজ নির্দেশ অনুসরণ করে ভিডিয়োটি তুলতে হবে, যাতে গুগল নিশ্চিত হতে পারে এটি লাইভ ভিডিও। আগে থেকে রেকর্ড করা বা AI-তৈরি ডিপফেক নয়।

গুগল জানিয়েছে, এই ফিচারে এমন একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যা ছবি, পুরনো ভিডিয়ো বা AI দিয়ে তৈরি ডিপফেক ব্যবহার করে পরিচয় জাল করার চেষ্টা শনাক্ত করতে পারবে।

কবে মিলবে এই সুবিধা?

গুগল ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য সেলফি ভিডিয়ো ভেরিফিকেশন ফিচারটি চালু করবে। যাঁরা এই সুবিধা ব্যবহার করতে চান, তাঁরা g.co/signin-selfie-তে গিয়ে ফিচারটি তাঁদের অ্যাকাউন্টে উপলব্ধ হয়েছে কি না, তা দেখে চালু করতে পারবেন।

Follow Us