UPI MDR: ২ হাজার টাকা হোক বা ২০ হাজার, মাত্র ৫ টাকা MDR লাগবে! বিরাট ছাড় ঘোষণা কেন্দ্রের
MDR Charge on UPI Payment: ধরা যাক, ইউপিআই-র মাধ্যমে ২,০০০ টাকা পেমেন্ট করা হল। এর উপর ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হলে, ব্যবসায়ীকে ৮ টাকা দিতে হবে। অন্যদিকে, যে ক্ষেত্রে সর্বোচ্চ ৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে, সেখানে ব্যবসায়ীকে দিতে হবে মাত্র ৫ টাকা। অর্থাৎ, প্রতি লেনদেনে ৩ টাকা সাশ্রয় হবে।

নয়া দিল্লি: ইউপিআই-তে বসতে চলেছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। আগামী ১৫ অক্টোবর থেকে এই এমডিআর চালু হচ্ছে। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল যে ২০০০ টাকার বেশি লেনদেনে ০.০৪ শতাংশ করে এমডিআর বসবে। এবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া জানিয়ে দিল যে সকল মার্চেন্ট বা ব্যবসায়ীর উপরে এক চার্জ বসবে না। নির্দিষ্ট কিছু ক্যাটেগরির জন্য এমডিআর নির্ধারিত করে দেওয়া হয়েছে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) আগেই জানিয়েছিল যে ৭৫ হাজার টাকা বা তার বেশি টাকার লেনদেনে সর্বাধিক ৩০০ টাকা এমডিআর বসবে। তবে রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স ও জ্বালানির ক্ষেত্রে ফ্ল্যাট রেট থাকবে। অর্থাৎ বেশি লেনদেন করলে যে বেশি এমডিআর দিতে হবে, এমনটা নয়। ফ্ল্যাট রেট-ই থাকবে। ৫ টাকা এমডিআর চার্জ স্থির করা হয়েছে।
কেন রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স ও জ্বালানির জন্য ফ্ল্যাট রেট?
অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স বা অন্য কোনও ইউটিলিটি সংক্রান্ত পেমেন্টের ক্ষেত্রে ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে ৫ টাকা এমডিআর চার্জ বসবে। ৩০০০ টাকাতেও ৫ টাকা এমডিআর দিতে হবে, আবার ৩০,০০০ টাকার ক্ষেত্রেও একই চার্জ থাকবে।
এর কারণ হল এই সেক্টরগুলিতে ট্রানজাকশন বা লেনদেন সবথেকে বেশি হয়। আবার এই ক্ষেত্রগুলিতে ব্যবসায়ীদের মার্জিন বা লভ্য়াংশ সীমিত হয়। দাম নির্দিষ্ট হয়। সেই কারণে ০.০৪ শতাংশ হারে এমডিআর বসলে, ব্যবসায়ীদের খরচ বাড়তে পারে। তাদের কথা ভেবেই ৫ টাকা ফ্ল্যাট চার্জ ধার্য করা হয়েছে।
রেলওয়ে, ইন্সুরেন্স, জ্বালানি ও টেলিকম সেক্টরে ইউপিআই পেমেন্টে ফ্ল্যাট রেট রেখে সরকার এই পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করতে চায় এবং ডিজিটাল পেমেন্টের প্রচার করতে চায়।
২,০০০ টাকার ইউপিআই পেমেন্টে কতটা সাশ্রয় হবে?
ধরা যাক, ইউপিআই-র মাধ্যমে ২,০০০ টাকা পেমেন্ট করা হল। এর উপর ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হলে, ব্যবসায়ীকে ৮ টাকা দিতে হবে। অন্যদিকে, যে ক্ষেত্রে সর্বোচ্চ ৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে, সেখানে ব্যবসায়ীকে দিতে হবে মাত্র ৫ টাকা। অর্থাৎ, প্রতি লেনদেনে ৩ টাকা সাশ্রয় হবে।
তবে মনে রাখতে হবে, নতুন এমডিআর শুধুমাত্র ২,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
উদাহরণ হিসেবে ১০,০০০ টাকার পেমেন্টে সাধারণ নিয়মে ০.৪ শতাংশ হারে এমডিআর ধার্য হলে ব্যবসায়ীকে ৪০ টাকা দিতে হবে। কিন্তু ছাড় দেওয়ায় ব্যবসায়ীকে মাত্র ৫ টাকা চার্জ দিতে হবে।
এমডিআর-এর খরচ কি গ্রাহকের উপর চাপিয়ে দিতে পারেন ব্যবসায়ীরা?
এমডিআর ব্যবসায়ীদের উপর ধার্য হওয়া একটি চার্জ। নিয়ম অনুযায়ী, এই খরচ সরাসরি গ্রাহকের কাছ থেকে ফি হিসেবে নেওয়ার জন্য নয়। নতুন ইউপিআই চার্জের বোঝা যেন ব্যবসায়ীরা সরাসরি গ্রাহকদের উপর চাপিয়ে না দেন, সেই বিষয়েও ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে সরকার।
