বাড়ি বদল করেছেন? LPG Connection ট্রান্সফার করবেন কীভাবে, জেনে নিন
LPG Connection Transfer: যদি নতুন ঠিকানায় পিএনজি কানেকশন থাকে, তাহলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশন পেতে, প্রথমে আপনাকে এলপিজি কানেকশন বাতিল করতে হবে। এর জন্য, আপনাকে সিলিন্ডার জমা দিয়ে, গ্যাস কানেকশন বাতিল করাতে হবে। তারপর ওই এলাকার পিএনজি সরবরাহ সংস্থার সঙ্গে যোগাযোগ করে নতুন কানেকশন নিতে হবে।

নয়া দিল্লি: কাঁচা উনুন বা স্টোভ নয়, দেশে এখন প্রায় সকলের বাড়িতেই এলপিজি কানেকশন (LPG Connection) রয়েছে। তবে এলপিজি কানেকশনে একটি সমস্যার মুখে পড়েন অনেকেই। যারা ভাড়া বাড়িতে থাকেন বা যাদের চাকরিতে ট্রান্সফার হয়, তাদের ঠিকানা বদল করাতে হয় বাড়ি বদল হলে। আধার কার্ড বা অন্য পরিচয়পত্রে যেমন ঠিকানা আপডেটেড রাখতে হয়, তেমনই গ্যাস কানেকশনের ক্ষেত্রেও ঠিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। এই কাজ কী করে করবেন?
যদি কারোর ঠিকানা বদল হয়, তবে নতুন করে এলপিজি কানেকশন নেওয়ার দরকার নেই। বর্তমান কানেকশনেই ঠিকানা আপডেট করে নিতে পারেন। এতে নতুন বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি হতে কোনও সমস্যা হবে না।
কেউ যদি আধার কার্ডে ঠিকানা পরিবর্তন না করে, গ্যাস বুক করেন, তাহলে পুরোনো ঠিকানায় পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার। এই ধরনের সমস্যা এড়াতে ঠিকানা আপডেট করা বাধ্যতামূলক। এর জন্য কী কী কাগজপত্র প্রয়োজন, কীভাবে আপডেট করবেন? দেখে নিন-
কী কী কাগজপত্র প্রয়োজন?
- আধার কার্ড
- বাড়ির ঠিকানার প্রমাণপত্র
- গ্যাস বুকিংয়ের বই
- সাবস্ক্রিপশন ভাউচার
- কেওয়াইসি নথি
কীভাবে এলপিজি কানেকশন অন্য ঠিকানায় পরিবর্তন করা যায়?
- প্রথমে যে এজেন্সির কানেকশন আপনার, সেই এজেন্সির অফিসে যেতে হবে।
- সেখানে ট্রান্সফার টার্মিনেশন ভাউচার (TTV) চাইতে হবে।
- এরপর আপনার নতুন ঠিকানায় গ্যাস সরবরাহকারী এজেন্সির অফিসে যেতে হবে।
- সেখানে ট্রান্সফার টার্মিনেশন ভাউচারটি জমা দিতে হবে।
- এরপরের ধাপে কেওয়াইসি (KYC) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
- নতুন ঠিকানা সংক্রান্ত যেকোনও প্রমাণপত্র জমা দিতে হবে। বর্তমান ইলেকট্রিক বিল, ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি জমা দিতে পারেন। এরপর ঠিকানা আপডেট করা হবে।
- এই প্রক্রিয়াটি করলেই ঠিকানা আপডেট হয়ে যাবে।
- এরপর থেকে যখনই আপনি গ্যাস বুক করবেন, তা আপডেট করা ঠিকানায় পৌঁছে যাবে।
অন্য শহরে স্থানান্তরিত হলে, কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন?
- আপনি যদি অন্য শহরে চলে যান, তাহলে আপনার সিলিন্ডার এবং প্রেশার রেগুলেটর বর্তমান এজেন্সিকে ফেরত দিতে হবে।
- এরপর এজেন্সি ম্যানেজাররা একটি টার্মিনেশন ভাউচার ইস্যু করবেন। আপনার সিকিউরিটি ডিপোজিটও ফেরত দেওয়া হবে।
- আপনার নতুন ঠিকানায় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ টার্মিনেশন ভাউচারটি জমা দিতে হবে। তাহলেই ঠিকানা আপডেট করে দেওয়া হবে।
কীভাবে পিএনজি (PNG) কানেকশনে ট্রান্সফার করবেন?
যদি নতুন ঠিকানায় পিএনজি কানেকশন থাকে, তাহলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশন পেতে, প্রথমে আপনাকে এলপিজি কানেকশন বাতিল করতে হবে। এর জন্য, আপনাকে সিলিন্ডার জমা দিয়ে, গ্যাস কানেকশন বাতিল করাতে হবে। তারপর ওই এলাকার পিএনজি সরবরাহ সংস্থার সঙ্গে যোগাযোগ করে নতুন কানেকশন নিতে হবে।
