Microsoft Layoff: চাকরি ছাড়লে আর্থিক সাহায্য, এআই-তে বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপ মাইক্রোসফ্টের
Artificial Intelligence: চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। এর আগে এপ্রিল মাসে আমেরিকায় সংস্থার কিছু কর্মীকে আগাম অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল। CNBC-র খবর অনুযায়ী, সেই সময় এই সুযোগ পাওয়া কর্মীদের প্রায় ৩০% স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন।

মুম্বই: মাঝেমধ্যেই শোনা যায়, কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নাকি চাকরি খেয়ে নেবে। তবে এই আশঙ্কাকে আরও সত্যি করে এআই খাতে বিপুল বিনিয়োগের মধ্যেই খরচ কমানোর উদ্যোগ নিল মাইক্রোসফ্ট। সংস্থার প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সুবিধা প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম বড় এই প্রযুক্তি সংস্থা। সোমবার সংস্থার তরফে করা হয়েছে এই ঘোষণা। সংস্থার মুখপাত্র জানিয়েছে, আমেরিকা, ভারত, কানাডা ও ব্রিটেনের নির্দিষ্ট কয়েকটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট বা তার নিচের স্তরের কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডেটা সেন্টার, সেলস ও মার্কেটিং বিভাগ এর আওতায় নেই বলে জানানো হয়েছে।
মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের জানিয়েছেন, এই প্রস্তাবের মাধ্যমে কর্মীদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। এর আগে এপ্রিল মাসে আমেরিকায় সংস্থার কিছু কর্মীকে আগাম অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল। CNBC-র খবর অনুযায়ী, সেই সময় এই সুযোগ পাওয়া কর্মীদের প্রায় ৩০% স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। ২০২৫ সালের শেষদিকে মাইক্রোসফ্টের বিশ্বজুড়ে কর্মীসংখ্যা ছিল ২ লক্ষ ২৮ হাজার। চলতি বছর জুনের শেষে তা কমে দাঁড়ায় ২ লক্ষ ২৩ হাজারে। মাইক্রোসফ্টের এই প্রস্তাবে ২৭% কর্মী কাজ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
কোম্পানি যদিও কর্মীদের চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সাহায্য ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে কত টাকা দেওয়া দেওয়া হবে, তা কর্মীর চাকরির মেয়াদ, পদ ও কোন দেশে কাজ করেন – তার উপর নির্ভরশীল। ভারতের যোগ্য কর্মীদের ক্ষেত্রে প্রতি পূর্ণ বছরের চাকরির জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। ধরে নেওয়া যাক, কোনও কর্মীর মাসিক বেতন ১ লক্ষ টাকা এবং তিনি ৩ বছর ধরে কাজ করছেন। তাহলে তিনি পাবেন ৩ (মোট বছর) * ১ মাসের বেতন = ৩ লক্ষ টাকা। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারে স্বাস্থ্যবীমা। চাকরি ছাড়ার পর পরবর্তী কর্মজীবন নিয়ে পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এটা বাধ্যতামূলক ছাঁটাই নয়। যোগ্য কর্মীরা চাইলে এই প্রস্তাব গ্রহণ করে চাকরি ছাড়তে পারেন।
