Provident Fund: পিএফ অ্যাকাউন্টে নমিনি নেই? কীভাবে পাবেন জমানো টাকা, জানেন?
EPFO: অ্যাকাউন্টে নমিনি না থাকলেও অ্যাকাউন্টে জমে থাকা অর্থ কখনোই গায়েব হয়ে যায় না। তবে সেই অর্থ পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নথি ও লিগ্যাল প্রক্রিয়া করতে হতে পারে। পিএফ অ্যাকাউন্টে কোনও নমিনির নাম নথিভুক্ত করা না থাকলে, মৃত কর্মচারীর যোগ্য পারিবারিক সদস্যরা ওই অর্থের দাবি করতে পারেন।

কলকাতা : চাকুরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইপিএফও এই টাকা পরিচালনা করে। তবে অনেক সময় নমিনির নাম যুক্ত করার আগেই কোনও কর্মচারীর মৃত্যু হলে পরিবার চিন্তায় পড়ে যায় যে জমানো টাকা মিলবে কী না।। কর্মজীবনে এই অর্থ অবসর জীবনযাপন বা বিপদের সময় খুব সাহায্য করে। তাই সঠিক সময়ে পিএফ অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করা অত্যন্ত জরুরি।
অনেক সময় নানা অসাবধানতাবশত বা অন্য কোনও কারণে নমিনির নাম নথিভুক্ত করার আগেই কোনও কর্মচারীর অকালমৃত্যু ঘটে। এই ধরণের পরিস্থিতিতে সদস্যরা চিন্তায় পড়ে যান যে, এবার তাহলে জমা অর্থ বা ইন্স্যুরেন্সের টাকা আর হয়ত পাওয়া যাবে না বা তা সরকারি তহবিলেই থেকে যাবে।
অ্যাকাউন্টে নমিনি না থাকলেও অ্যাকাউন্টে জমে থাকা অর্থ কখনোই গায়েব হয়ে যায় না। তবে সেই অর্থ পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নথি ও লিগ্যাল প্রক্রিয়া করতে হতে পারে। পিএফ অ্যাকাউন্টে কোনও নমিনির নাম নথিভুক্ত করা না থাকলে, মৃত কর্মচারীর যোগ্য পারিবারিক সদস্যরা ওই অর্থের দাবি করতে পারেন। এক্ষেত্রে কর্মচারীর স্বামী, স্ত্রী, সন্তান বা পিতা-মাতাকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ইপিএফও-র কাছে আবেদন জানাতে হয়। নথিপত্র ও আবেদনকারীদের যোগ্যতা যাচাই করার পর নিয়ম মেনে নির্দিষ্ট ব্যক্তির হাতে অর্থ তুলে দেওয়া হয়।
ভবিষ্যতের যেকোনও জটিলতা এড়াতে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সবসময় নমিনির তথ্য আপডেট রাখা অত্যন্ত জরুরি। ইপিএফও এখন অনলাইন ই-নমিনেশন ব্যবস্থা চালু করেছে। এর ফলে ঘরে বসেই কর্মচারীরা তাঁদের নমিনির নাম আপডেট করতে পারবেন।
