RBI Polymer Notes: ২০২৭ সালেই RBI আনছে পলিমার নোট, প্রথম কত টাকার নোট চালু করা হবে?
Plastic Notes: সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আপাতত পাইলট প্রকল্প হিসাবে ভারতে প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই আরবিআই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শীঘ্রই প্লাস্টিকের নোট তৈরির কাজও শুরু হবে।

নয়া দিল্লি: আর কাগজের নোট নয়, এবার হাতে আসবে প্লাস্টিকের নোট (Plastic Notes)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) আনতে চলেছে পলিমার (Polymer Note) বা প্লাস্টিকের নোট। আগামী বছর, ২০২৭ সাল থেকেই ভারতে প্লাস্টিকের নোট চালু হবে। কীভাবে দেশ জুড়ে চালু হবে এই প্লাস্টিকের নোট, তা নিয়েও পরিকল্পনা এল সামনে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আপাতত পাইলট প্রকল্প হিসাবে ভারতে প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই আরবিআই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শীঘ্রই প্লাস্টিকের নোট তৈরির কাজও শুরু হবে।
পাইলট প্রকল্প-
সূত্রের খবর, প্রাথমিক স্তরে রিজার্ভ ব্যাঙ্ক ছোট নোট অর্থাৎ ১০ টাকা, ২০ টাকার প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা করছে। এই দুটি নোট-ই প্লাস্টিকের তৈরি করে বাজারে আনা হবে, কারণ ছোট নোটের চাহিদা বেশি। এর আগে ১০ টাকা, ২০ টাকার কয়েন আনা হলেও, তাতে জনগণের বিশেষ সাড়া মেলেনি।
এই নোট কতটা টেকসই হচ্ছে এবং জনগণ তা কতটা গ্রহণ করছে, তার প্রতিক্রিয়ার উপরে নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ করা হবে। যদি পরীক্ষামূলক নোটে ভালো সাড়া মেলে, তাহলে ২০২৭ সাল থেকেই বাকি সমস্ত নোট-ও পরিবর্তন করে বাজারে আনা হবে।
কেন প্লাস্টিকের নোট আনা হবে?
অনেকেরই প্রশ্ন, কেন কাগজের নোটের বদলে প্লাস্টিকের নোট আনা হবে? এর প্রধান কারণ হল, টেকসই। কাগজের নোট ভিজে গেলে ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেখানেই প্লাস্টিকের নোট ভিজলেও নষ্ট হয় না, আবার ভাঁজ করলেও কোনও ক্ষতি হয় না। এর আয়ু কাগজের নোটের তুলনায় অনেক বেশি হয়। এছাড়া কাগজের নোট তৈরির তুলনায় প্লাস্টিকের নোট তৈরির খরচও অনেকটা কম। বারবার নোট ছাপানোর ঝামেলাও থাকে না।
১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম পলিমার ব্যাঙ্ক নোট নিয়ে আসে। বর্তমানে ৫০টিরও বেশি দেশে প্লাস্টিক বা পলিমার নোট ব্যবহার করা হয়।
