WhatsApp: হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেই দিতে হবে চার্জ, নয়া নিয়ম আনছে মেটা
WhatsApp Business new rules: ভারতে ডেলিভার হওয়া প্রতি মেসেজের জন্য ০.১১৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। ১৮ শতাংশ জিএসটি ধরলে প্রতিটি মেসেজের খরচ পড়বে প্রায় ০.১৩৬ টাকা। উদাহরণ হিসাবে, কোনও সংস্থা যদি এক হাজার অর্ডার বা ডেলিভারি আপডেট পাঠায়, তাহলে জিএসটি ছাড়া খরচ হবে ১১৫ টাকা।

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারে এবার বাড়বে খরচ। মেসেজ পাঠালেই অ্যাকাউন্ট থেকে খসবে টাকা। যদিও এই নিয়ম শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের (WhatsApp Business Platform) জন্য। এতদিন গ্রাহকের মেসেজ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে বেশ কিছু মেসেজ বিনামূল্যে পাঠাতে পারত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। তবে, অক্টোবর থেকে সেই নিয়মেই বদল আনা হচ্ছে। এবার ওই ২৪ ঘণ্টার মধ্যেও অর্ডার নিশ্চিত বা ডেলিভারি আপডেটের মতো মেসেজ পাঠানোর জন্য টাকা দিতে হবে। এমনটাই জানিয়েছে মেটা।
অক্টোবর থেকে কী বদল?
বর্তমানে কোনও গ্রাহক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর প্রশ্নের উত্তর, অর্ডার কনফার্মেশন বা ডেলিভারি আপডেটের মতো মেসেজ বিনামূল্যে পাঠানো যেত।
তবে, ১ অক্টোবর থেকে অর্ডার কনফার্মেশন, ডেলিভারি আপডেটের মতো মেসেজগুলি পাঠানোর জন্য চার্জ দিতে হবে । অন্যদিকে, গ্রাহকের প্রশ্নের উত্তরের মতো সার্ভিল মেসেজের ক্ষেত্রে প্রতি বিজনেস ফোন নম্বরে মাসে প্রথম হাজারটি মেসেজ বিনামূল্যে থাকবে। এরপর অতিরিক্ত সার্ভিস মেসেজের জন্য চার্জ দিতে হবে।
কত টাকা দিতে হবে?
ভারতে ডেলিভার হওয়া প্রতি মেসেজের জন্য ০.১১৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। ১৮ শতাংশ জিএসটি ধরলে প্রতিটি মেসেজের খরচ পড়বে প্রায় ০.১৩৬ টাকা। উদাহরণ হিসাবে, কোনও সংস্থা যদি এক হাজার অর্ডার বা ডেলিভারি আপডেট পাঠায়, তাহলে জিএসটি ছাড়া খরচ হবে ১১৫ টাকা। ১৮ শতাংশ জিএসটি যোগ করলে মোট খরচ দাঁড়াবে প্রায় ১৩৫.৭০ টাকা।
মার্কেটিং মেসেজে খরচ কত?
সব ধরনের মেসেজের জন্য অবশ্য একই চার্জ নয়। প্রচারমূলক অফার, সেল বা বিজ্ঞাপনের মতো মার্কেটিং মেসেজের জন্য প্রতি মেসেজে ০.৮৬৩১ টাকা চার্জ রয়েছে। অন্যদিকে ওটিপি-র মতো অথেন্টিকেশন মেসেজের ক্ষেত্রে প্রতি মেসেজে ০.১১৫ টাকা চার্জ প্রযোজ্য। এই অঙ্কগুলির সঙ্গে জিএসটি যোগ হবে।
প্রথম এক হাজার সার্ভিস মেসেজ ফ্রি
১ অক্টোবর থেকে প্রতি বিজনেস ফোন নম্বর ও অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে প্রথম এক হাজার সার্ভিস রিপ্লাই বিনামূল্যে রাখবে মেটা। তারপর থেকে অতিরিক্ত মেসেজের জন্য চার্জ দিতে হবে।
ফলে সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর জন্য নতুন করে কোনও টাকা দিতে হচ্ছে না। পরিবর্তনটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য।
