AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: এবার কি ভোট ময়দানে শুভঙ্কর সরকারের ছেলে? ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিই

West Bengal assembly election 2026: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাই লড়ছে কংগ্রেস। তারা ২৮৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি। ওই ১০টি আসনের মধ্যে রয়েছে শ্রীরামপুর আসনও। যে আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শুভঙ্কর সরকার।

Congress: এবার কি ভোট ময়দানে শুভঙ্কর সরকারের ছেলে? ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিই
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 30, 2026 | 5:23 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: ছাব্বিশের ভোট ময়দানে একাধিক নেতা-বিধায়কের সন্তানকে দেখা যাচ্ছে। বাবা-মায়ের জায়গায় তাঁরা প্রার্থী হচ্ছেন। এবার কি সেই তালিকায় যোগ হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ছেলের নাম? এই নিয়ে জল্পনা উস্কে দিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতিই। হুগলির শ্রীরামপুর আসনে শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকারকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাই লড়ছে কংগ্রেস। তারা ২৮৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি। ওই ১০টি আসনের মধ্যে রয়েছে শ্রীরামপুর আসনও। যে আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শুভঙ্কর সরকার। ওই ভোটে বামেরা সমর্থন করেছিল কংগ্রেসকে। ১০ বছর আগে শ্রীরামপুরে ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি।

এবার ২৮৪ জন প্রার্থীর মধ্যে শুভঙ্কর সরকারের নাম নেই। আবার শ্রীরামপুর আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। তাহলে কি ফের শ্রীরামপুরে প্রার্থী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শুভঙ্কর বলেন, “শ্রীরামপুরের মানুষ চাইছেন আমি প্রার্থী হই। কিন্তু আমাকে ২৯৪টা আসন দেখতে হবে।” এরপরই নিজের ছেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেকে বলছেন, আমার ছেলে প্রার্থী হোক। কংগ্রেস হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।” অর্থাৎ তাঁর ছেলেকে প্রার্থী করা হবে কি না, তা কংগ্রেস হাইকম্যান্ডের উপরই ছেড়ে দিলেন শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতির দুই পুত্র। তার মধ্যে আন্দোলন সরকার পেশায় আইনজীবী। রাজনীতির ময়দানেও সক্রিয়।

এবারের বিধানসভা ভোটে তৃণমূলের একাধিক বিধায়ক লড়ছেন না। তাঁদের আসনে প্রার্থী হয়েছেন সন্তানরা। মহেশতলা বিধানসভার বিধায়ক দুলালচন্দ্র দাস এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ওই আসনে তাঁর পুত্র শুভাশিস দাসকে প্রার্থী করেছে তৃণমূল। আবার এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার জায়গায় তাঁর পুত্র সন্দীপন সাহাকে ওই আসনে প্রার্থী করা হয়েছে। মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডেও এবার টিকিট পাননি। তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডেকে ওই আসনে প্রার্থী করেছে তৃণমূল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের জায়গায় ওই আসনে প্রার্থী হয়েছেন তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষ। আবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে উত্তরপাড়ায় প্রার্থী করেছে শাসকদল। এবার এই তালিকায় প্রদেশ কংগ্রেস সভাপতির ছেলের নাম যোগ হয় কি না, সেটাই এখন দেখার।

Follow Us