ফের স্ক্রিন জুড়ে শয়তানি করতে আসছে জুন আন্টি; সঙ্গে অনিন্দ্য সেনগুপ্তও
June Aunty Is Back: এই জুটিকে কীভাবে ভুলবে দর্শক। ফের ছোট পর্দায় শয়তানি করতে আসছে জুন আন্টি। সঙ্গে অনিন্দ্য সেনগুপ্ত। তাঁদের একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে নতুন অবতারে। কিন্তু সেই শয়তানি যাবে না।

‘শ্রীময়ী’ ধারাবাহিকে দুর্দান্ত ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। চরিত্রের নাম ছিল জুন আন্টি। কথায়-কথায় মুখ ভ্যাংচাত তো সে। শয়তানিতে জুন চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ভোটের প্রচারের আগে প্ল্যাকার্ড তৈরি হয়েছিল অমিত শাহকে উদ্দেশ্য করে। লেখা ছিল, “অমিত শাহ, তুমি জুন আন্টির চেয়েও খারাপ।” সেই জুন আন্টি, থুড়ি ঊষসী নাকি ফের শয়তানি করতে আসছেন।
‘শ্রীময়ী’ ধারাবাহিকে ঊষসী চক্রবর্তীকে কাস্ট করা হয়েছিল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিপরীতে। সুদীপের চরিত্রটির নাম ছিল অনিন্দ্য সেনগুপ্ত। ফের এই জুটি ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়। প্রযোজক-পরিচালকদ্বয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ধারাবাহিকে জুন-অনিন্দ্য, থুড়ি ঊষসী-সুদীপ ফিরছেন। শোনা যাচ্ছে, লুক সেটও হয়ে গিয়েছে ঊষসীর। বৃহস্পতিবার ঢাকুরিয়ার রোয়িং ক্লাবের রেসে অংশগ্রহণ করার ঠিক আগে সুদীপের সঙ্গে কথা হয় TV9 বাংলার। বলেন, “আমার রেস আছে জানেন। আমি খুবই এক্সাইটেড। এই তো শুরু হবে চলে আসুন। দেখে যান।” তারপরই বলেন, “এই সিরিয়ালে ঊষসীর লুক টেস্ট হয়েছে। কিন্তু আমারটা বাকি। আমরা নাকি আবার শয়তানি করব। তেমনটাই শুনছি।”
‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হওয়ার পর অনেকটা বড় ব্রেক নিয়েছিলেন ঊষসী। তারপর তাঁকে ভাল আন্টির (জুন আন্টির মতো শয়তান নয় সে) চরিত্রে দেখা যায় ‘তোমাদের রানী’ ধারাবাহিকে। অন্যদিকে সুদীপকে দেখা গিয়েছে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে। ‘জল থৈ থৈ ভালবাসা’র মতো ধারাবাহিকে কাস্ট হয়েছেন তিনি।। একটিতে মন্দ, একটিতে ভাল মানুষের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ। সদ্য সম্প্রচারিত ‘বঁধুয়া’ সিরিয়ালেও অভিনয় করছেন তিনি।
এই ধারাবাহিকের হাত ধরে লিড চরিত্রে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর ছোটনাতি শন বন্দ্যোপাধ্যায়। ‘আমি সিরাজের বেগম’, ‘মন ফাগুন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন শন। লম্বা একটি বিরতি নেওয়ার পর তাঁকে দেখা যাবে ধারাবাহিকের মুখ্য চরিত্রে। প্রস্তুতি ছলছে জর কদমে।
