Aishwarya Rai: ফের প্রেগন্যান্ট ঐশ্বর্য? ওজন বাড়তেই নেটপাড়ায় জোর জল্পনা
Aishwarya Rai Bachchan: প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ব়্যাম্প ওয়াক করতেই ঐশ্বর্য রাই বচ্চনের চেহারা নিয়ে শুরু হল তীব্র কটাক্ষ। আচমকা ওজন বাড়ায় কেউ প্রশ্ন তুললেন তিনি 'গর্ভবতী' কি না, কেউ আবার দিলেন ওজন কমানোর ওষুধের নিদান! বিশ্বমঞ্চে রানি বেশে ফিরেও হঠাৎ কেন এমন চরম ট্রোলিংয়ের শিকার হলেন নায়িকা? কী এমন ঘটল রানওয়েতে যা নিয়ে রীতিমতো হতবাক গোটা নেটপাড়া?

গ্ল্যামার দুনিয়ায় তিনি একাই একশো। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করাটা তাঁর কাছে নতুন কোনও বিষয় নয়। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে। কিন্তু এবার প্যারিসের রানওয়েতে তাঁর হাঁটা নিয়ে শুরু হল চরম বিতর্ক। তাঁর রূপ নয়, নেটপাড়ার নজরে পড়ল তাঁর ওজন।
ঠিক কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
প্যারিস ফ্যাশন উইকের (Paris Fashion Week) মঞ্চ। আইফেল টাওয়ারের ঠিক সামনে বসেছিল এক প্রসাধনী সংস্থার চোখ ধাঁধানো ফ্যাশন শো। কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সেলিন ডিওনের মতো হলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে হেঁটেছেন ঐশ্বর্য। পরনে কালো ভেলভেটের গাউন, লাল লিপস্টিক আর মাথায় চমৎকার টিয়ারা। এই শো-এর মূল থিম ছিল নারীদের আত্মবিশ্বাস ও নিজস্বতা উদ্যাপন করা। অথচ আশ্চর্যের বিষয়, এই শো-এর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঐশ্বর্যকে শুনতে হল একের পর এক কদর্য মন্তব্য।
সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁর চেহারা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। কারও চোখে তাঁর ওজন বেশি, তো কারও মনে হয়েছে তাঁর পেট অস্বাভাবিক। অনেকেই সরাসরি প্রশ্ন করেন, “উনি কি প্রেগন্যান্ট?” কেউ আবার অভিনেত্রীকে ‘শ্রেক’ সিনেমার ফিওনার সঙ্গে তুলনা করে বসেন। সমালোচনা এখানেই থেমে থাকেনি। ওজন কমানোর জন্য তাঁকে ওষুধ খাওয়ারও অদ্ভুত পরামর্শ দিয়েছেন কয়েকজন।
ক্যাটরিনাকেও শুনতে হয়েছিল কটাক্ষ
বলি তারকাদের চেহারা নিয়ে এই ধরনের ট্রোলিং অবশ্য নতুন কোনও ঘটনা নয়। কয়েকদিন আগেই ঠিক একই পরিস্থিতির শিকার হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ছেলে বিহানের জন্মের পর আম্বানিদের গণেশ পুজোয় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মা হওয়ার পর তাঁর চেহারায় আসা পরিবর্তন নিয়ে সোশাল মিডিয়ায় প্রবল ট্রোল শুরু হয়। তবে সেই ঘটনার কড়া জবাব দিয়েছিলেন সলমন (Salman) খান। ‘বিগ বস ২০’-র মঞ্চে তিনি সাফ জানান, মা হওয়ার পর মহিলাদের শরীরে বদল আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। একে নিয়ে ট্রোল করা একেবারেই উচিত নয়। সলমনের এই মন্তব্যের পর পরিণীতি চোপড়া ও রিচা চাড্ডার মতো তারকারাও বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব হন।
