Akshay Kumar Birthday: জুহুর বাংলো, গোয়ায় ভিলা, টরন্টোয় ফ্ল্যাট! অক্ষয়ের সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠবে
Akshay Kumar Net Wort: ক্যামেরার সামনে যেমন দাপট, পকেটের জোরেও তিনি বলিউডের আসল ‘খিলাড়ি’! জন্মদিনে প্রকাশ্যে এল অক্ষয় কুমারের চোখ কপালে তোলার মতো মোট সম্পত্তির হিসেব। কত হাজার কোটির সাম্রাজ্য গড়েছেন তারকা?

ভোরের আলো ফোটার আগেই যাঁর ঘুম ভাঙে, বলিউডের সেই সবচেয়ে নিয়মানুবর্তী মানুষটির জন্মদিন আজ। বছরের পর বছর পর্দায় দুর্দান্ত সব স্টান্ট দেখিয়ে হোক কিংবা নিখাদ হাসির রোল তুলে, দর্শকদের ভরপুর বিনোদন জুগিয়ে গিয়েছেন অক্ষয় কুমার। তবে তাঁর ফিটনেস রুটিন যতটা কড়া, পকেটের জোরও কিন্তু ঠিক ততটাই জমাটি। একের পর এক সিনেমা, নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখানো আর ব্যবসায় বুদ্ধিদীপ্ত বিনিয়োগ, সব মিলিয়ে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন বলিউডের ‘খিলাড়ি’। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে চোখ রাখা যাক তাঁর অঢেল সম্পত্তির খতিয়ানে।
কী বলছে সমীক্ষা?
সাম্প্রতিক বিভিন্ন বাণিজ্যিক রিপোর্ট ও আর্থিক হিসেব অনুযায়ী, অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২,৭০০ কোটি টাকা। প্রতি ছবিতে পারিশ্রমিক হিসেবে তিনি প্রায় ৫০ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত নেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে লভ্যাংশের অংশীদারি তো থাকেই। তবে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়েই নয়, প্রযোজক হিসেবেও দারুণ সফল তিনি। নিজের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর মাধ্যমে তৈরি করেছেন একের পর এক জনপ্রিয় কাজ। বিজ্ঞাপনের জগতেও তিনি দারুণ হিট। শুধুমাত্র একটি ব্র্যান্ডের প্রচারের জন্য অক্ষয় প্রায় ৬ কোটি টাকা বা তার বেশি পারিশ্রমিক নেন বলে রিপোর্ট রয়েছে।
বিলাসবহুল জীবনের প্রসঙ্গে অক্ষয়ের সংগ্রহ যে কাউকে তাক লাগিয়ে দেবে। জুহুর সমুদ্রমুখী চোখধাঁধানো বাংলোয় থাকেন স্ত্রী টুইঙ্কল খান্না ও সন্তানদের নিয়ে। প্রায় ৮০ কোটি টাকা মূল্যের এই বাসভবনের সাজসজ্জা স্বয়ং স্ত্রী টুইঙ্কলের তত্ত্বাবধানে তৈরি। মুম্বই ছাড়াও গোয়ায় রয়েছে একটি পর্তুগিজ ধাঁচের রাজকীয় ভিলা। বিদেশেও ছড়িয়ে রয়েছে তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগ। মরিশাসে রয়েছে একটি বিচ বাংলো এবং কানাডার টরন্টোতে রয়েছে একাধিক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি।
গ্যারেজে তাকালেও চোখ কপালে উঠতে বাধ্য। রোলস রয়েস, বেন্টলে, মার্সিডিজ-বেঞ্জ কিংবা রেঞ্জ রোভার,বিশ্বের তাবড় সব বিলাসবহুল গাড়ি শোভা পায় তাঁর সংগ্রহে। তবে অক্ষয়ের নামে প্রায় ২৬০ কোটি টাকা মূল্যের একটি প্রাইভেট জেট রয়েছে বলে যে দাবি একসময় ছড়িয়েছিল, তা অভিনেতা নিজেই প্রকাশ্যে অস্বীকার করেছেন। তাই সেই তথ্যকে তাঁর সম্পত্তির তালিকায় রাখা ঠিক হবে না।
শুধু বিপুল রোজগারেই নয়, দেশের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও অক্ষয় থাকেন একেবারে সামনের সারিতে। একাধিকবার বিপুল পরিমাণ কর দিয়ে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পুরনো দিনের সাধারণ রাজীব হরি ওম ভাটিয়া থেকে আজকের এই মহাতারকা, অক্ষয়ের এই বিপুল সম্পদ আসলে তাঁর তিন দশকেরও বেশি সময় ধরে চলা একাগ্রতা আর কঠোর পরিশ্রমেরই ফসল।
