AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu Arjun: মুক্তির আগেই গড়ল ইতিহাস! গিনেস বুকে আল্লু অর্জুনের ছবি ‘রাকা’

Raaka movie: মুক্তির এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই সোজা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল আল্লু অর্জুন ও অ্যাটলির নতুন ছবি 'রাকা'। কী এমন কাণ্ড ঘটাল এই ছবি, যার জন্য রিলিজের এক বছর আগেই তৈরি হল এই বিশ্বরেকর্ড? জানুন বিস্তারিত।

Allu Arjun: মুক্তির আগেই গড়ল ইতিহাস! গিনেস বুকে আল্লু অর্জুনের ছবি 'রাকা'
কারণ কী?
| Updated on: Sep 22, 2026 | 9:04 AM
Share

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) আর রেকর্ড, যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ছবি মুক্তির এখনও বাকি এক বছর। আর তার আগেই বিশ্বমঞ্চে বাজিমাত করল এই প্যান-ইন্ডিয়া ছবি। হলিউডের তাবড় সিনেমাকেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা। কিন্তু কী এমন রেকর্ড গড়ল এই ছবি, যা নিয়ে নেটপাড়ায় এত তোলপাড়?

রিলিজের আগেই বিশ্বরেকর্ড

সাধারণত সিনেমা হিট হলে নানা রেকর্ড ভাঙে। কিন্তু ২০২৭ সালে যে ছবি রিলিজ হবে, তার নাম এখন থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) বইয়ে উঠে গিয়েছে! দক্ষিণী পরিচালক অ্যাটলি আর আল্লু অর্জুনের একসঙ্গে এটিই প্রথম কাজ। এই ছবিতে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আগে ভারতে কেউ ভাবতেই পারেনি। একসঙ্গে ৩৭ জন শিল্পীর রিয়েল-টাইম মোশন-ক্যাপচার করা হয়েছে! আর ঠিক এই অসাধ্য সাধনের জন্যই সোজা বিশ্বরেকর্ড। সোমবার প্রযোজনা সংস্থা সান পিকচার্স সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছে। সেখানে দেখা গিয়েছে, অ্যাটলির সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে গিনেসের শংসাপত্র হাতে ধরে আছেন আল্লু। গিনেসের ওয়েবসাইটেও পরিষ্কার লেখা আছে, ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে এই রেকর্ড তৈরি হয়েছে।

হলিউডকেও কি হার মানাবে?

দিন কয়েক আগে পরিচালক সিবি চক্রবর্তী ‘রাকা’ নিয়ে একটা বড় কথা বলেছেন। তাঁর দাবি, এই ছবির ভিজ্যুয়াল নাকি হলিউডের ‘অ্যাভাটর’-কেও টেক্কা দেবে। তিনি তো বলেই দিয়েছেন, রাজামৌলি যেমন ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন, অ্যাটলিও ঠিক সেই কাজটাই করছেন। শুধু তাই নয়, গীতিকার বিবেকও জানিয়েছেন, এমন চোখ ধাঁধানো কাজ তিনি আগে শুধু হলিউডের ছবিতেই দেখেছেন।

১৮ বছরের স্বপ্ন

গত ৮ এপ্রিল অভিনেতার জন্মদিনে ছবির প্রথম লুক সামনে এসেছিল। ন্যাড়া মাথা, চোখে মোটা কাজল, আর হাতে পশুর মতো নখ, আল্লুর সেই হিংস্র রূপ দেখে সবাই চমকে গিয়েছিলেন। অ্যাটলি জানিয়েছেন, এই সিনেমার আইডিয়া তিনি ১৮ বছর ধরে নিজের মনের মধ্যে পুষে রেখেছিলেন। আল্লুর সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গানের দায়িত্বে আছেন সাঁই অভয়ঙ্কর। সান পিকচার্স জানিয়েছে, এই ছবি ভারতীয় সিনেমাকে গ্লোবাল স্টেজে একটা আলাদা জায়গা করে দেবে। এখন শুধু ২০২৭ সালের অপেক্ষা। তবে বোঝাই যাচ্ছে, বড় পর্দায় বিশাল একটা ধামাকা হতে চলেছে!

Follow Us