AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: অমিতাভের ‘জলসা’য় ভক্তদের ভিড়, নিরাপত্তারক্ষীদের বিশেষ বার্তা দিলেন বিগ বি

সেই ভক্তদের প্রতি সৌজন্য বজায় রাখতে এবার নিজের নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। স্পষ্ট জানিয়ে দিলেন, রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা এই মানুষদের সঙ্গে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না করা হয়।

Amitabh Bachchan: অমিতাভের 'জলসা'য় ভক্তদের ভিড়, নিরাপত্তারক্ষীদের বিশেষ বার্তা দিলেন বিগ বি
| Updated on: May 11, 2026 | 7:44 PM
Share

প্রতি রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় ‘জলসা’র বাইরে চেনা ছবি। প্রিয় নায়ককে একঝলক দেখতে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। আর সেই ভক্তদের প্রতি সৌজন্য বজায় রাখতে এবার নিজের নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। স্পষ্ট জানিয়ে দিলেন, রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা এই মানুষদের সঙ্গে যেন কোনওভাবেই দুর্ব্যবহার না করা হয়।

সম্প্রতি নিজের ব্লগে রবিবাসরীয় সাক্ষাতের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিগ বি। সেখানে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের তিনি তাঁর ‘Extended Family’ বা বর্ধিত পরিবার হিসেবে সম্বোধন করেন। অমিতাভ লেখেন, “এই মানুষগুলোর আশীর্বাদ পাওয়া আমার কাছে গর্বের ও সম্মানের। তাঁরাই আমাকে বিশ্বাস করতে শেখান, আগামী দিনের জন্য বেঁচে থাকার রসদ জোগান। তাঁদের জন্যই আমি আরও কঠোর পরিশ্রম করার প্রেরণা পাই।”

শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, অমিতাভ তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিবিড় আলোচনায় ব্যস্ত। সেই প্রসঙ্গের অবতারণা করে তিনি ব্লগে লেখেন, “আমাদের এখানে যাঁরা কাজ করেন, তাঁদের বুঝিয়ে বলছিলাম যে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তাঁদের ব্যবহার কেমন হওয়া উচিত। জনসাধারণের সঙ্গে তাঁরা যেমন আচরণ করবেন, সাধারণ মানুষ ধরে নেবেন যে সেটিই আমার স্বভাব বা আচরণ।”

তপ্ত রোদে ভক্তদের এই দীর্ঘ প্রতীক্ষাকে কুর্নিশ জানিয়ে অভিনেতা বলেন, “এতক্ষণ ধরে এই চড়া রোদে অপেক্ষা করা কোনও সাধারণ কথা নয়। তারপর তাঁদের সঙ্গে সঠিক ব্যবহার না করাটা একেবারেই ঠিক নয়। জনতাই হল ভগবান। স্নেহ, আদর আর সদভাব— ভক্তরা তো শুধু এটুকুই দেখতে চান। তাঁরা আমাদের যা দেন, তার বদলে আমাদের দিক থেকেও ভালোবাসা আর সম্মানের প্রতিফলন থাকা উচিত।”

বয়সকে জয় করে এখনও পর্দার সামনে সমান সক্রিয় অমিতাভ বচ্চন। সম্প্রতি তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজনের সঞ্চালনা শেষ করেছেন। রুপোলি পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। যেখানে ‘অশ্বত্থামা’ চরিত্রে তাঁর অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করা এই ছবির সিক্যুয়েলের শুটিং নিয়েও বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।

Follow Us