AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana VFX: কুবেরের কাছ থেকে রাবণের লঙ্কা দখল— VFX-এ লঙ্কা ও অযোধ্যা গড়লেন বহরমপুরের সৌরদীপ

Ramayana 3D Modeling : বলিউডের বিগ বাজেট ছবি ‘রামায়ণ’-এর মডেলিং টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা সৌরদীপ দে। তাঁর হাত ধরেই থ্রিডি (3D) আবহে ফুটে উঠেছে রাবণের লঙ্কা, রাবণের অস্ত্র এবং অযোধ্যার একাধিক দৃশ্যপট।

Ramayana VFX: কুবেরের কাছ থেকে রাবণের লঙ্কা দখল— VFX-এ লঙ্কা ও অযোধ্যা গড়লেন বহরমপুরের সৌরদীপ
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 6:30 PM
Share

নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’ নিয়ে এখন দেশজুড়ে তুমুল উন্মাদনা। বিপুল বাজেটের এই ছবির নেপথ্যে এবার উঠে এল বাংলার এক কৃতী শিল্পীর নাম। বলিউডের বিগ বাজেট ছবি ‘রামায়ণ’-এর মডেলিং টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা সৌরদীপ দে। তাঁর হাত ধরেই থ্রিডি (3D) আবহে ফুটে উঠেছে রাবণের লঙ্কা, রাবণের অস্ত্র এবং অযোধ্যার একাধিক দৃশ্যপট।

পেশায় দক্ষ ভিএফএক্স (VFX) আর্টিস্ট সৌরদীপ দে। বিগত পাঁচ বছরে প্রায় ২৫টি ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর, যার বড় অংশই হলিউডের প্রজেক্ট। বলিউড ও ভারতীয় বড় বাজেটের ছবির জগতেও তিনি পরিচিত মুখ— যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। এবার বহু চর্চিত ‘রামায়ণ’ ছবিতে বিল্ড বা মডেলিং টিমের ডিজাইনিং অংশে কাজ করেছেন তিনি।

সৌরদীপ জানিয়েছেন, কুবেরের কাছ থেকে রাবণ লঙ্কা দখল করে নেওয়ার পর লঙ্কার যে বিশাল সেট তৈরি হয়েছে, তার একটি অংশ নির্মাণে তাঁর অবদান রয়েছে। পাশাপাশি রাবণের একাধিক অস্ত্র— তৈরির কাজও করেছেন তিনি। অযোধ্যার বেশ কিছু পরিবেশ ও লোকেশন ডিজাইনের সঙ্গেও যুক্ত ছিলেন বহরমপুরের এই শিল্পী।

সৌরদীপের কথায়, ছবির আরও বহু কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা দর্শক আগামী পর্বে দেখতে পাবেন। জানা গিয়েছে, ‘রামায়ণ’-এর দুটি পর্বের কাজই একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে দ্বিতীয় কিস্তিতেও প্রযুক্তির এই চমক বজায় থাকবে।

প্রযুক্তি ও ভিএফএক্সের পাশাপাশি বক্স অফিসেও ইতিহাস গড়ে চলেছে নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবি। রণবীর কাপুর (শ্রীরাম), সাই পল্লবী (সীতা), যশ (রাবণ), সানি দেওল (হনুমান) ও রবি দুবে (লক্ষ্মণ)-কে নিয়ে তৈরি এই ছবির সাফল্য এখন তুঙ্গে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির মাত্র ১৩ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় প্রায় ১,৪৮৩.৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ১৪তম দিনের প্রাথমিক হিসেব ধরে ভারতে ছবিটির নেট কালেকশন পৌঁছেছে প্রায় ৮২২.৯৩ কোটি টাকার কাছাকাছি। সব মিলিয়ে বড় পর্দার পাশাপাশি নেপথ্যের কারিগরদের হাত ধরেও ‘রামায়ণ’ এখন চর্চার শীর্ষে।

Follow Us