Ball Tampering Case: বোতলের ছিপি দিয়ে বল বিকৃতি করত পাকিস্তান? বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের
Pakistan Cricket: তবে এই প্রথম নয়, এর আগেও নিজের ক্রিকেটজীবনে বল বিকৃতির কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন শোয়েব। ২০১১ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী Controversially Yours-তে তিনি জানিয়েছিলেন, খেলার সময় বুটের স্পাইক ও ট্রাউজারের পিছনের পকেটের চেন ব্যবহার করে বল বিকৃতির অভিযোগ করেছিলেন তাঁরা।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতি বা বল টেম্পারিং নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার। সম্প্রতি বল ট্যাম্পারিং নিয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার উসমান খোয়াজা তাঁর আত্মজীবনী ‘সবর’-এ বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালে হওয়া বল বিকৃতি আসলে দলের সবাই জানত। এর পরেই বাগযুদ্ধ শুরু করেন সেই সময়ের ক্রিকেটাররা। যদিও তার মধ্যেই মুখ খুলেছেন শোয়েব।
তিনি বলেছেন, বল ট্যাম্পারিং এর ঘটনা বিশেষ কিছু নতুন নয়। তাঁরাও ইংল্যান্ড সফরে বলের অবস্থা পরিবর্তন করতে বোতলের ছিপি ব্যবহার করতেন। বলের উপরদিকের অংশ কৃত্রিমভাবে ঘষে বা পরিবর্তন করে রিভার্স সুইং আদায় করাই ছিল পাকিস্তানের মূল উদ্দেশ্য। তবে আখতারের এই মন্তব্য রীতিমতো আগুনে ঘি দিয়ে দিয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।
স্যান্ডপেপারগেট কাণ্ডের সঙ্গে তুলনা-
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় গোটা বিশ্বে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ও আন্তর্জাতিক ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। শাস্তির মুখে পড়েন স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনার সঙ্গে পাকিস্তানের অতীতের বল বিকৃতির তুলনা করেছেন আখতার। এমন কি, তাঁর সময়েও পাকিস্তান দল যে বল বিকৃতি করতে বোতলের ছিপি ব্যবহার করত, তাও জানিয়েছেন তিনি। তবে তিনি এও বলেছেন, বল বিকৃতি কখনও একজন ক্রিকেটারের ব্যক্তিগত অপরাধ নয়। দলের সংস্কৃতিও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।
তবে এই প্রথম নয়, এর আগেও নিজের ক্রিকেটজীবনে বল বিকৃতির কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন শোয়েব। ২০১১ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী Controversially Yours-তে তিনি জানিয়েছিলেন, খেলার সময় বুটের স্পাইক ও ট্রাউজারের পিছনের পকেটের চেন ব্যবহার করে বল বিকৃতির অভিযোগ করেছিলেন তাঁরা। তবে এবার ইংল্যান্ড সফরে বোতলের ছিপি ব্যবহারের কথা জানিয়ে অতীতের সেই স্বীকারোক্তিতেই নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন পাক পেসার। একই সঙ্গে শোয়েব এও বলেছেন, “এক সময় এমন হয়েছে, আমি ভেবেছি আমি হয়তো ২২ জনের বিরুদ্ধেই খেলছি। কারণ, কোনও না কোনও ক্রিকেটারের উপর নজর রাখা হত। কাকে বিশ্বাস করব, বুঝতে পারতাম না। আমরা বল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করতাম এবং গোটা দল এই বিষয়ে জানত কারণ দল না জানলে এই কাজ করা সম্ভব নয়।”
যদিও ২০০২ ও ২০০৩ সালে এই বল বিকৃতি করতে গিয়েই বিপাকে পড়েন শোয়েব। প্রথমবার বলের উপরিভাগে আঁচড় কাটার অভিযোগে ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড তাঁকে তিরস্কার করেছিলেন। কিন্তু সেই ঘটনায় কোনও নির্বাসনের শাস্তি তাঁকে পেতে হয়নি। এরপর একই ঘটনায় ২টি ওডিআই থেকে ব্যান করা হয়েছিল শোয়েবকে। কিন্তু এসবের মধ্যে তাঁর এই বক্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।
